সাদা কাগজে লেখা ছিল মাত্র দু’টি শব্দ— ‘মাম্মি, পাপা সরি’। গাজিয়াবাদের (Ghaziabad) একটি বহুতলে তিন বোনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এই নোট উদ্ধার করেছে পুলিশ। মৃত তিন বোনের বয়স ছিল যথাক্রমে ১২, ১৪ ও ১৬ বছর। পুলিশের প্রাথমিক অনুমান, দশতলার বারান্দা থেকে একসঙ্গে ঝাঁপ দিয়েই আত্মঘাতী হয়েছে তারা। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
প্রতিবেশীদের দাবি, গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। সেই শব্দ শুনেই পুলিশে (Ghaziabad) খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পরে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ (Ghaziabad) সূত্রে জানা যাচ্ছে, এই মৃত্যুর নেপথ্যে অনলাইন গেমের অতিরিক্ত আসক্তি থাকতে পারে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, তিন বোনই দীর্ঘ সময় ধরে একটি কোরিয়ান অনলাইন গেমিং অ্যাপে অত্যধিক আসক্ত ছিল। দিন-রাত প্রায় মোবাইলেই ডুবে থাকত তারা।
পুলিশ আধিকারিক এসপি সিং জানিয়েছেন, রাত প্রায় ২টা ১৫ মিনিট নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। কেন তিন বোন একসঙ্গে এমন চরম সিদ্ধান্ত নিল, তা জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে তিন বোনের মোবাইল ফোনও।
প্রয়োজনে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে বলেও জানিয়েছে পুলিশ। অনলাইন গেমিং অ্যাপের সঙ্গে এই ঘটনার কোনও সরাসরি যোগ রয়েছে কি না, তা স্পষ্ট করতে তদন্ত চলছে। এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা।













