নতুন সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে কেরলে (Kerala)। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের চালককে মারধরের অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগের তির রাজ্যের কয়েকজন পুলিশ আধিকারিকের দিকে। ইতিমধ্যেই ঘটনার অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক (Kerala)।
জানা গিয়েছে, পিনারাই বিজয়নের চালক অনুপ গত ৩০ মে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তিরুবনন্তপুরম (Kerala) রেল স্টেশনে পৌঁছে দিয়ে ফিরছিলেন। সেই সময় কয়েকজন পুলিশ আধিকারিক তাঁর গাড়ি ঘিরে ধরেন বলে অভিযোগ। পার্কিং সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে বচসা শুরু হয়। পরে তাঁকে মারধর ও অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে দাবি করেছেন অনুপ।
ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি অভিযুক্ত দুই পুলিশ আধিকারিককে শনাক্তও করেছেন বলে জানা গিয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই কেরলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা (Kerala)।
উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি আর্থিক অনিয়মের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে প্রাক্তন পর্যটনমন্ত্রী মহম্মদ রিয়াজের বাড়িতেও তল্লাশি হয়।
যে মামলাকে কেন্দ্র করে এই তদন্ত শুরু হয়েছে, তার সূত্রপাত কয়েক বছর আগে। অভিযোগ, একটি বেসরকারি সংস্থা পিনারাই বিজয়নের মেয়ের প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে বিপুল অঙ্কের অর্থ প্রদান করেছিল। বিনিময়ে কোনও পরিষেবা দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। সেই অভিযোগের তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা।
পরে সংশ্লিষ্ট সংস্থা আদালতের দ্বারস্থ হয়ে তদন্ত বাতিলের আবেদন জানালেও আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই কেরলের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়। সেই আবহেই এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর চালককে মারধরের অভিযোগ সামনে আসায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।













