নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার (Tina Bhowmick Saha) বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিশেষ করে সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ওঠা জল্পনাকে স্পষ্ট ভাষায় উড়িয়ে দেন তৃণমূল নেত্রী।
সাংবাদিকরা বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনা নিয়ে প্রশ্ন করতেই টিনা ভৌমিক সাহা (Tina Bhowmick Saha) বলেন, আগে ঠিক করে বলা হোক কত পরিমাণ সোনা উদ্ধার হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কোনও প্রমাণ ছাড়াই তাঁকে সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলে প্রচার করা হচ্ছে। তাঁর কথায়, তিনি (Tina Bhowmick Saha) একজন শিক্ষিকা এবং সম্মানের সঙ্গে সমাজে বসবাস করেন। তাই ভিত্তিহীনভাবে তাঁকে কোনও পরিচয়ে চিহ্নিত না করার আবেদন জানান তিনি। বাড়িতে তল্লাশি এবং তদন্তের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন টিনা।
উল্লেখ্য, গত মাসের বাইশ তারিখ গভীর রাতে বিধাননগর পুলিশ তেহট্টে টিনা ভৌমিক সাহার (Tina Bhowmick Saha) বাড়িতে তল্লাশি চালায়। তদন্তের স্বার্থে সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়েই সেখানে পৌঁছেছিলেন পুলিশ আধিকারিকরা। তল্লাশিতে প্রায় তিন কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সূত্রে দাবি করা হয়। সেই সোনার আনুমানিক বাজারমূল্য চার কোটিরও বেশি বলে জানানো হয়েছিল।
তদন্তকারী সংস্থার দাবি, তোলাবাজি, বেআইনি সম্পত্তি এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলার তদন্তে সব্যসাচী দত্তের একাধিক সম্পত্তি ও আর্থিক লেনদেনের তথ্য সামনে আসে। তদন্তে অভিযোগ, বিপুল পরিমাণ অর্থ দিয়ে সোনা কেনা হয়েছিল। তাঁর বিভিন্ন সম্পত্তি এবং ব্যাঙ্কের নথি খতিয়ে দেখার সময় সোনা কেনার একাধিক তথ্য হাতে আসে বলেও তদন্তকারীদের দাবি।
সেই সূত্র ধরেই টিনা ভৌমিক সাহার (Tina Bhowmick Saha) বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে সব্যসাচী দত্তের সঙ্গে কোনও ব্যক্তিগত সম্পর্ক বা বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তদন্ত চলায় প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করা হয়নি।






