দিঘা থেকে কলকাতায় ফেরার পথে বড় দুর্ঘটনার মুখে পড়ল একটি যাত্রীবোঝাই বাস (Bus Accident)। পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত দশ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Bus Accident)।
সোমবার সকালে দিঘা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয় শীতাতপ নিয়ন্ত্রিত একটি বেসরকারি বাস (Bus Accident)। বাসটি স্বাভাবিক গতিতেই চলছিল। কাঁথির ছত্রধরা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই আচমকা একটি মোটরবাইক বাসের সামনে চলে আসে। বাইক আরোহীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার পর বাসের ভিতরে চিৎকার এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে (Bus Accident)। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে অন্তত দশ জনের আঘাত তুলনামূলকভাবে গুরুতর বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে (Bus Accident)। চালকের বয়ান, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং দুর্ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত এগোবে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও কাঁথির ছত্রধরা এলাকায় দিঘা থেকে কলকাতাগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি রোলারে ধাক্কা মারে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটেছিল বলে জানানো হয়েছিল। কয়েক মাসের ব্যবধানে একই এলাকায় ফের বাস দুর্ঘটনা ঘটায় ওই সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।













