মহাকাশে ফের উজ্জ্বল হল ভারতের নাম। সুনীতা উইলিয়ামসের পর আরও এক ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দিলেন। মঙ্গলবার রাতে নাসার বিজ্ঞানী অনিল মেনন (Anil Menon) রাশিয়ার সয়ুজ মহাকাশযানে চেপে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। সব ঠিক থাকলে তিনি প্রায় আট মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে গুরুত্বপূর্ণ গবেষণার কাজে অংশ নেবেন।
অনিল মেননের (Anil Menon) এই যাত্রা ঘিরে ভারতজুড়ে উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে কেরলে উচ্ছ্বাস বেশি, কারণ তাঁর পারিবারিক শিকড় এই রাজ্যের সঙ্গে যুক্ত। কাজাখস্তানের বৈকানুর মহাকাশ কেন্দ্র থেকে তাঁর যাত্রা শুরু হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, ভারতের প্রথম নভশ্চর রাকেশ শর্মাও একই মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে গিয়েছিলেন।
আমেরিকার মিনেসোটার মিনিয়াপলিসে জন্ম অনিল মেননের। তাঁর বাবা ভারতীয় এবং মা ইউক্রেনের বাসিন্দা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নিউরোবায়োলজি নিয়ে পড়াশোনা করার পাশাপাশি তিনি চিকিৎসাবিদ্যা, মহাকাশ চিকিৎসাবিজ্ঞান (Anil Menon) এবং যন্ত্র প্রকৌশলেও উচ্চশিক্ষা অর্জন করেছেন। চিকিৎসক, প্রকৌশলী এবং নভশ্চর— এই তিন পরিচয়ই রয়েছে তাঁর।
এই অভিযানে অনিল মেনন (Anil Menon) ফ্লাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করবেন। তাঁর সঙ্গে রয়েছেন রাশিয়ার দুই অভিজ্ঞ নভশ্চর পিওতর দুব্রভ এবং আন্না কিকিনা। উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যেই মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হওয়ার কথা। এটিই অনিল মেননের প্রথম মহাকাশ সফর। দীর্ঘ আট মাস ধরে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষায় অংশ নেবেন। এই অভিযানের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের মহাকাশ মহল।







