দীর্ঘ প্রায় ২০ বছর পর আবারও পশ্চিমবঙ্গে আসতে চলেছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন (Taslima Nasrin)। আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্রসদনে মৌলবাদবিরোধী কবি ও সাহিত্যিকদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন বলেও জানা গিয়েছে। এই খবর নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন তসলিমা নাসরিন। তাঁর ঘোষণার পর থেকেই সাহিত্য ও সংস্কৃতি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে তসলিমা নাসরিনকে (Taslima Nasrin) মৌলবাদবিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে উল্লেখ করা হয়েছে। আয়োজকদের আমন্ত্রণ গ্রহণ করেই তিনি বহু বছর পর কলকাতায় আসছেন। দীর্ঘদিন পর তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে ইতিমধ্যেই সাহিত্যপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালে তাঁর লেখা একটি বইকে কেন্দ্র করে রাজ্যে বিতর্কের সৃষ্টি হয়েছিল (Taslima Nasrin)। সেই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে তাঁকে কলকাতা ছাড়তে হয়। এরপর দীর্ঘ সময় তিনি পশ্চিমবঙ্গে আসেননি। এবার প্রায় দুই দশক পর আবার কলকাতায় আসার সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে (Taslima Nasrin)।
১ আগস্টের অনুষ্ঠানে তসলিমা নাসরিনের উপস্থিতি ঘিরে সাহিত্য মহল, পাঠক এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দীর্ঘ বিরতির পর তাঁর কলকাতা সফর কী বার্তা দেয়, সেদিকেই এখন নজর সকলের।











