সিরিয়া (Syria) সফরে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই সফরের মধ্যেই মঙ্গলবার রাজধানী দামাস্কাসে একটি হোটেলের সামনে পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সোমবার রাতে ওই হোটেলেই ছিলেন ম্যাক্রোঁ। বিস্ফোরণে অন্তত আঠারো জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার জন পুলিশকর্মী। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার না করলেও তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এর পিছনে জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে।
সিরিয়ার (Syria) সংবাদমাধ্যমের খবর, পর্যটন মন্ত্রকের পরিচালিত একটি হোটেলের সামনেই পরপর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় ম্যাক্রোঁ হোটেল ছেড়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শরার সঙ্গে বৈঠকে যাওয়ার পথে ছিলেন। বিস্ফোরণের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। একটি গাড়িতে আগুন ধরে যায়। নিরাপত্তার স্বার্থে আশপাশের সব রাস্তা বন্ধ করে দেয় প্রশাসন।
সিরিয়ার (Syria) এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, হামলার মূল লক্ষ্য কে ছিলেন, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বিস্ফোরণের সময় প্রেসিডেন্টের কনভয় ওই এলাকা দিয়ে যাচ্ছিল। তাই কনভয়কে লক্ষ্য করেই বিস্ফোরক রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও চলতি মাসে দামাস্কাসে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। বিচার মন্ত্রকের সদর দফতরের সামনে বিস্ফোরণে কয়েক জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। সেই ঘটনার পর আবারও রাজধানীতে বিস্ফোরণ হওয়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ম্যাক্রোঁর সফরের মধ্যেই এই বিস্ফোরণ আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।












