সাল দুই হাজার চব্বিশের নয় অগাস্ট। আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। কলকাতা থেকে দেশের নানা প্রান্ত, এমনকি বিদেশেও ছড়িয়ে পড়েছিল প্রতিবাদের ঢেউ। ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। সেই সময় নির্যাতিতার পরিচয় গোপন রাখতে তাঁকে ‘তিলোত্তমা’ নামে উল্লেখ করা হয়েছিল। সেই নাম আজও বহু মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই একটি নতুন ধারাবাহিকের (TV Serial) নাম রাখা হয়েছে ‘তিলোত্তমা’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকটির প্রথম ঝলক। আর সেই প্রোমো সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী সুস্মিতা দে।
প্রোমোতে দেখা যায়, একদিকে তিনি লাল বেনারসি পরা কনে, অন্যদিকে একজন ব্যালে নৃত্যশিল্পী (TV Serial) । পাশাপাশি তিনি একজন চিকিৎসকের চরিত্রেও অভিনয় করছেন। গল্পে দেখা যায়, বিয়ের আসর ছেড়ে জরুরি ডাকে হাসপাতালে পৌঁছে যান তিনি (TV Serial) । সেখানে একটি বড় দুর্নীতির প্রমাণ হাতে আসে তাঁর। সেই ঘটনার পরই দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন চিকিৎসক। শেষ পর্যন্ত হাসপাতালের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। এরপর তাঁর যমজ বোন ঘটনাস্থলে এসে নিজেকে ‘তিলোত্তমা’ পরিচয় দিয়ে সত্যের লড়াই শুরু করে (TV Serial) ।
ধারাবাহিকটি নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা তৈরি হলেও সুস্মিতা দে স্পষ্ট জানিয়েছেন, এই গল্পের সঙ্গে আরজি করের ঘটনার কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, এটি সম্পূর্ণ কল্পিত ও স্বাধীন একটি গল্প। বাস্তব কোনও ঘটনার উপর ভিত্তি করে এই ধারাবাহিক তৈরি হয়নি (TV Serial) ।
অভিনেত্রী জানান, এই প্রথম তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। একদিকে চিকিৎসক, অন্যদিকে ব্যালে নৃত্যশিল্পী— দুই চরিত্রই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। ব্যালে নাচের জন্য প্রতিদিন নিয়মিত অনুশীলন করতে হচ্ছে। পাশাপাশি চিকিৎসকের চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতেও বিশেষ প্রস্তুতি নিয়েছেন তিনি।
সুস্মিতা আরও জানান, এই ধারাবাহিকে দর্শক তাঁকে প্রথমবার অ্যাকশন দৃশ্যে দেখতে পাবেন। যমজ দুই বোনের সম্পূর্ণ ভিন্ন জীবন, রহস্য, প্রতিশোধ এবং সত্য উদ্ঘাটনের লড়াই নিয়েই এগোবে এই নতুন গল্প। তবে ‘তিলোত্তমা’ নামকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের একাংশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ধারাবাহিকটি সম্প্রচারের পর সেই বিতর্ক আরও বাড়ে কি না, এখন সেটাই দেখার।










