পশ্চিমবঙ্গে টানা চৌত্রিশ বছর বামফ্রন্ট কীভাবে ক্ষমতায় ছিল, তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে নানা আলোচনা চলে। এবার সেই প্রসঙ্গেই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর দাবি, বামফ্রন্টের দীর্ঘদিন ক্ষমতায় থাকার অন্যতম প্রধান কারণ ছিলেন রাজ্যের শিক্ষক সমাজ। পাশাপাশি তিনি এই দাবির পক্ষে নিজের যুক্তিও তুলে ধরেন।
মঙ্গলবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির শিক্ষক সংগঠনের উদ্যোগে আয়োজিত শিক্ষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, বামফ্রন্ট সরকারের সংগঠনকে শক্তিশালী করে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর বক্তব্য, শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য বাম সরকার একাধিক পদক্ষেপ নিয়েছিল। সেই কারণেই শিক্ষক সমাজের একটি বড় অংশ দীর্ঘদিন বামেদের পাশে ছিল বলে তাঁর দাবি।
শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) মতে, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ থাকেন না, সমাজেও তাঁর বিশেষ প্রভাব থাকে। তিনি বলেন, একজন ছাত্র যেমন নিজের বাবার বা মায়ের মতোই একজন শিক্ষককে শ্রদ্ধা করে, তেমনই সমাজেও শিক্ষকদের গ্রহণযোগ্যতা অত্যন্ত বেশি। সেই কারণেই কোনও রাজনৈতিক দলের আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে এবং সংগঠনকে শক্তিশালী করতে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষক সংগঠনের সদস্যদের উদ্দেশে তিনি ব(Samik Bhattacharya) লেন, বিজেপি রাজ্যের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করতে চায়। এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে গত পনেরো বছরের শাসনকাল নিয়ে তৃণমূলের সমালোচনাও করেন রাজ্য বিজেপি সভাপতি। তাঁর বক্তব্য, শুধু রাজনৈতিক স্লোগান বা বিরোধীদের সমালোচনা করলেই চলবে না। মানুষের আস্থা অর্জন করে উন্নয়নের রাজনীতি করতে হবে। তিনি আরও দাবি করেন, এমন বহু ভোটকেন্দ্রেও বিজেপি বিপুল ভোটে এগিয়েছে, যেখানে দলের কোনও নির্বাচনী প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
এছাড়াও শমীক ভট্টাচার্য রাজ্য সরকারের কাছে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, গত পনেরো বছরে বিভিন্ন মামলায় আইনজীবীদের জন্য রাজ্য সরকার কত অর্থ ব্যয় করেছে, সেই হিসাব জনসমক্ষে আনা উচিত।








