ওবিসি সংরক্ষণ ব্যবস্থা (OBC Reservation Bill) নিয়ে বড় পরিবর্তনের পথে হাঁটল রাজ্য সরকার। বিধানসভায় পেশ করা হল দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল। সরকারের দাবি, এই সংশোধনের মাধ্যমে সংরক্ষণ ব্যবস্থাকে আদালতের নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে এবং অনগ্রসর শ্রেণির প্রকৃত দাবিদারদের অধিকার নিশ্চিত করা হবে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এই বিল রাজনৈতিক উদ্দেশ্যেই আনা হয়েছে।
অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় দুটি সংশোধনী বিল পেশ করেন (OBC Reservation Bill)। একটি বিল সরকারি চাকরিতে অনগ্রসর শ্রেণির সংরক্ষণ সংক্রান্ত এবং অন্যটি অনগ্রসর শ্রেণি কমিশনের ক্ষমতা ও কাঠামো নিয়ে।
নতুন প্রস্তাব অনুযায়ী, ওবিসি ‘এ’ শ্রেণির অন্তর্ভুক্ত পঁয়ষট্টিটি জনগোষ্ঠীর তালিকায় কোনও পরিবর্তন আনা হচ্ছে না। তবে ওবিসি ‘বি’ শ্রেণির অন্তর্ভুক্ত আটাত্তরটি জনগোষ্ঠীর তালিকা সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি কোনও সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণির তালিকায় অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার ক্ষেত্রে অনগ্রসর শ্রেণি কমিশনের সুপারিশকে আরও গুরুত্ব দেওয়া হবে (OBC Reservation Bill)।
বিধানসভায় আলোচনায় সরকার পক্ষের দাবি, আগের সরকার রাজনৈতিক কারণে একাধিক সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। কলকাতা হাই কোর্টের রায়ের পর সেই বিষয়টি নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন হয়ে পড়ে। সেই কারণেই সংশোধনী বিল আনা হয়েছে বলে সরকারের বক্তব্য।
বিল নিয়ে আলোচনায় সরকার পক্ষের একাধিক বিধায়ক দাবি করেন, প্রকৃত অনগ্রসর শ্রেণির স্বার্থ রক্ষার জন্যই এই সংশোধন জরুরি। তাঁদের মতে, সংরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এবং আইনগত জটিলতা দূর করতেই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে বিরোধী শিবিরের পক্ষ থেকে এই বিলের বিরোধিতা করা হয়। তাঁদের অভিযোগ, সংরক্ষণ নীতিতে এই পরিবর্তনের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং সামাজিক ও আর্থিক অবস্থার নিরিখে সংরক্ষণের বিষয়টি বিবেচনা করা উচিত। তাঁদের আশঙ্কা, এই সংশোধনের ফলে অনগ্রসর শ্রেণির মধ্যেই নতুন বিভাজনের পরিস্থিতি তৈরি হতে পারে।
জবাবে অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, এই সংশোধনী কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে আনা হয়নি। আদালতের নির্দেশ এবং অনগ্রসর শ্রেণি কমিশনের সুপারিশ অনুযায়ী ভবিষ্যতে যোগ্য সম্প্রদায়কে তালিকাভুক্ত করার সুযোগ থাকবে। তিনি আরও দাবি করেন, আগের সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে তালিকা সম্প্রসারণ করা হয়েছিল, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আইনি কাঠামোর মধ্যেই নতুন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।










