পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। শুক্রবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে তাঁকে জেরা করে ইডি। রাতের দিকে ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
রথীন ঘোষ (Rathin Ghosh) বলেন, “কী কথা হয়েছে সেটা আমি বলব না। আমার কাছে যা জানতে চাওয়া হয়েছে, সব বলেছি।”
এর আগে একাধিকবার তাঁকে (Rathin Ghosh) তলব করেছিল ইডি। তবে বিভিন্ন কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। ভোটের সময় নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কথা জানিয়েছিলেন তিনি। পরে আবার জানান, বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন। সব মিলিয়ে পাঁচবার ইডির ডাকা এড়িয়েছিলেন রথীন ঘোষ।
সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। তারপর থেকেই এই মামলায় তদন্ত আরও জোরদার হয়েছে।
তদন্তকারী সংস্থার দাবি, উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষ করে দক্ষিণ দমদম এবং মধ্যমগ্রাম পুরসভায় টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ (Rathin Ghosh)।
ইডি সূত্রে খবর, ধৃত অয়ন শীল-সহ অন্য অভিযুক্তদের জেরা এবং উদ্ধার হওয়া নথি থেকেই রথীন ঘোষের নাম সামনে আসে। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান হিসেবে তাঁর সময়ে হওয়া নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন তদন্তকারীরা। একইসঙ্গে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান থাকাকালীন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও তথ্য জানতে চাওয়া হয়েছে।
এর আগেও সিবিআই এই বিষয়ে রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিল। পাশাপাশি তাঁর বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছিল ইডি।
এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তকারীরা এখন জানতে চাইছেন, নিয়োগ প্রক্রিয়ায় কারা কারা যুক্ত ছিলেন এবং কীভাবে এই দুর্নীতির চক্র চলছিল।












