রেশন দুর্নীতি মামলায় এবার অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশে গম পাঠানো নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। তাই এই বিষয়ে তাঁর কিছু জানা থাকতে পারে বলেই মনে করছে তদন্তকারী সংস্থা (Nusrat Jahan)।
তবে সূত্রের খবর, কলকাতায় নয়, দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য আবেদন করেছেন নুসরত জাহান। এই বিষয়ে তাঁর আইনজীবীরা কী পদক্ষেপ নেন, সেদিকেই এখন নজর রয়েছে (Nusrat Jahan)।
উল্লেখ্য, তৃণমূলের প্রার্থী হিসেবে বসিরহাট থেকে জিতে সাংসদ হয়েছিলেন নুসরত। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর ভোটে দাঁড়াননি। তবুও শাসক দলের সঙ্গে তাঁর যোগাযোগ এখনও বজায় রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁকে দেখা গিয়েছে।
এই তলবের পর রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে। নুসরত কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করেন, সেটাই এখন দেখার।
অন্যদিকে ব্যক্তিগত জীবনেও ব্যস্ত সময় কাটাচ্ছেন নুসরত। সম্প্রতি অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। পাশাপাশি নিজের সন্তানকে নিয়েও সময় কাটান এবং সেই সব মুহূর্ত সমাজ মাধ্যমে ভাগ করে নেন।







