বিতর্কের মাঝেই অবসর নিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব (Justice Shekhar Kumar Yadav)। বুধবার তাঁর বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তাঁর কথাকে বিকৃত করে তুলে ধরা হয়েছিল এবং সেই কারণেই বিতর্ক তৈরি হয়েছিল।
২০২৪ সালে একটি অনুষ্ঠানে দেওয়া তাঁর (Justice Shekhar Kumar Yadav) বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার দাবিও ওঠে। প্রয়াগরাজে এক অনুষ্ঠানে সংবিধান ও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ধর্ম, শাসনব্যবস্থা এবং সংখ্যালঘুদের নিয়ে তাঁর কিছু মন্তব্য নিয়ে সমালোচনা হয়।
অবসরের দিনে বিচারপতি যাদব (Justice Shekhar Kumar Yadav) বলেন, তিনি কখনও ধর্ম বা জাতপাতের ভিত্তিতে কাউকে আলাদা চোখে দেখেননি। তাঁর দাবি, তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল এবং তিনি কোনও অন্যায় করেননি। তিনি বলেন, যারা তাঁর বক্তব্য বিকৃত করেছেন, তারাই ভুল করেছেন।
এই কঠিন সময়ে আইনজীবীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, সেই সময় তিনি নির্দোষ থাকা সত্ত্বেও আক্রমণের মুখে পড়েছিলেন, তবে আইনজীবীদের পাশে পাওয়ায় তিনি ভেঙে পড়েননি (Justice Shekhar Kumar Yadav)।
বিচারপতি যাদব আরও জানান, বিচারকের আসনে বসে তিনি কখনও কোনও আইনজীবীর সঙ্গে বৈষম্য করেননি। ছোট-বড় বা যে কোনও সম্প্রদায়ের আইনজীবীর সঙ্গে তিনি সমান আচরণ করেছেন বলেই দাবি করেন তিনি।
২০১৯ সালের ডিসেম্বর মাসে তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে এলাহাবাদ হাইকোর্টে যোগ দেন। পরে ২০২১ সালের মার্চ মাসে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।
অবসরের দিনেও তাঁর বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।








