ভোটের আগে গোপন ভিডিও প্রকাশ ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির কথিত লেনদেন নিয়ে তৃণমূল যে ভিডিও (Humayun Video) প্রকাশ করেছিল, তা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। হুমায়ুন কবীর নিজে দাবি করেছেন, ওই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এই বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ওই ভিডিওর (Humayun Video) সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এআই দিয়ে তৈরি ভুয়ো ভিডিও নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, ভোট যত এগোচ্ছে, তৃণমূল পরাজয়ের ভয়ে নানা ধরনের ষড়যন্ত্র করতে পারে এবং এআই ব্যবহার করে ভুয়ো ভিডিও (Humayun Video) ছড়ানো হতে পারে। অসম ও পুদুচেরির উদাহরণ টেনে তিনি বলেন, এমন ঘটনা আগেও ঘটেছে।
প্রধানমন্ত্রী অবশ্য সরাসরি হুমায়ুন কবীর বা বিজেপির সঙ্গে তাঁর কথিত সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি, তবে ইঙ্গিতপূর্ণভাবে তৃণমূলের আনা অভিযোগের দিকেই আঙুল তুলেছেন বলে রাজনৈতিক মহলের মত (Humayun Video)। অন্যদিকে অমিত শাহ আগেই এই অভিযোগকে খারিজ করে দেন এবং কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেন।
উল্লেখ্য, তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, ভাইরাল ভিডিওতে হুমায়ুন কবীরকে ভবিষ্যতে বিজেপিকে সরকার গঠনে সাহায্য করার ইঙ্গিত দিতে এবং বিপুল অর্থের দাবি করতে শোনা যায়। এই ভিডিও সামনে আসার পরই রাজনৈতিক চাপানউতোর চরমে ওঠে। এমনকি এই বিতর্কের জেরে হুমায়ুন কবীরের সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-এর সম্পর্কও ভেঙে যায় বলে জানা গেছে।
ভিডিওটির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।











