নাগপুরে (Nagpur) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরের কাছেই একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী উদ্দেশ্যে এই বিস্ফোরক সেখানে রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সদর দপ্তর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি বাড়ির সামনে বাগান থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয় (Nagpur)। সেই ব্যাগ থেকেই পাওয়া যায় ৫৮টি ডিটোনেটর এবং ১৫টি জেলেটিন স্টিক। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়।
জানা গিয়েছে, বাড়িটির মালিক ডঃ উজ্জ্বল লানজেওর প্রথমে বাগানে ব্যাগটি পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড (Nagpur)। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। তবে এখনও পর্যন্ত জানা যায়নি, কে বা কারা ওই ব্যাগ সেখানে রেখে গিয়েছে।
পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং পুরো ঘটনার পিছনে কোনও বড় চক্রান্ত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, এটি কোনও বড় হামলার পরিকল্পনার অংশ হতে পারে (Nagpur)।
উল্লেখ্য, কয়েকদিন আগেই চণ্ডীগড়ে পাঞ্জাব বিজেপির দপ্তরের সামনে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নাগপুরে এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়ছে।











