পেট্রল ও ডিজেলের উপর অতিরিক্ত আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও তার প্রভাব যাতে সরাসরি সাধারণ মানুষের উপর না পড়ে, সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বলেন, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখে পেট্রল ও ডিজেলের উপর লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক কমানো হয়েছে। এর ফলে জ্বালানির দাম আরও বাড়ার হাত থেকে ভোক্তারা রক্ষা পাবেন। একই সঙ্গে তিনি জানান, ডিজেল রপ্তানির উপর শুল্ক ধার্য করা হয়েছে এবং বিমান জ্বালানির উপরও শুল্ক বাড়ানো হয়েছে, যাতে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকে।
তিনি (Nirmala Sitharaman)আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময়েই চেষ্টা করেন যাতে সাধারণ মানুষের উপর জ্বালানির বাড়তি চাপ না পড়ে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তেল বিপণন সংস্থাগুলি সহজে তেল কিনতে পারে এবং দেশে কোনও ঘাটতি না হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রলের আবগারি শুল্ক আগে লিটার প্রতি ১৩ টাকা ছিল, যা কমিয়ে ৩ টাকা করা হয়েছে। অন্যদিকে ডিজেলের ক্ষেত্রে আগে ১০ টাকা শুল্ক ছিল, যা এখন পুরোপুরি তুলে নেওয়া হয়েছে (Nirmala Sitharaman)।
লকডাউন নিয়ে চলা জল্পনাও উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশে কোনও ধরনের লকডাউন হওয়ার সম্ভাবনা নেই এবং কোভিডের মতো পরিস্থিতি তৈরি হবে না।
এই সিদ্ধান্তে জ্বালানি বাজারে কিছুটা স্থিতি ফিরবে বলেই মনে করা হচ্ছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির উপর নজর রেখেই ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্র।





