শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে গিয়ে এক পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। হোটেলের ঘরে এক মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বিতর্কে জড়িয়েছেন তিনি। যদিও সংশ্লিষ্ট ক্রিকেটারের নাম এখনও প্রকাশ্যে আসেনি। জানা গিয়েছে, বিষয়টি চাপা দিতে দলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে এবং ওই ক্রিকেটারকে জরিমানাও করা হয়েছে।
ঘটনাটি ঘটে ক্যান্ডিতে। সুপার এইটের ম্যাচ খেলতে সেখানে গিয়েছিল পাকিস্তান দল। ক্যান্ডির একটি হোটেলে ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। অভিযোগ, ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের দিন সকালে হাউসকিপিং বিভাগের এক মহিলা কর্মীর সঙ্গে অসভ্য আচরণ করেন এক পাক ক্রিকেটার। ওই মহিলা চিৎকার করে সাহায্য চান। পরে হোটেলের অন্য কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন।
ঘটনার পর বিষয়টি জানানো হয় দলের ম্যানেজার নাভিদ চিমাকে। হোটেল কর্তৃপক্ষ প্রথমে কঠোর পদক্ষেপ করতে চাইলেও পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। অভিযুক্ত ক্রিকেটারের হয়ে ম্যানেজার ক্ষমা চান। পরে ওই ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে।
দেশে ফেরার পরও এই ঘটনা নিয়ে পাকিস্তানে বিতর্ক চলছে। শোনা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড অভিযুক্ত ক্রিকেটারকে তলব করতে পারে। বোর্ডের শৃঙ্খলা কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। প্রয়োজনে আরও কঠোর শাস্তির মুখে পড়তে পারেন ওই খেলোয়াড়।
উল্লেখ্য, বিদেশ সফরে গিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের আচরণ নিয়ে আগেও বিতর্ক হয়েছে। গত বছর ইংল্যান্ড সফরে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন হায়দার আলি। কেন্টের স্পিটফায়ার কাউন্টি গ্রাউন্ডে ম্যাচ চলাকালীনই তাঁকে আটক করা হয়। যদিও পরে প্রমাণের অভাবে তিনি মুক্তি পান।
নতুন এই অভিযোগে আবারও প্রশ্নের মুখে পাকিস্তান দলের ভাবমূর্তি। বোর্ড শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর ক্রিকেট মহলের।













