Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • বাবার আরএসএস যোগ, নিজে তৃণমূলের আইনজীবী! রাজ্যসভা প্রার্থী মেনকার জীবনে বড় চমক
রাজ্য

বাবার আরএসএস যোগ, নিজে তৃণমূলের আইনজীবী! রাজ্যসভা প্রার্থী মেনকার জীবনে বড় চমক

menoka guruswamy
Email :3

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আরও একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে, রাজ্যসভা নির্বাচন। আগামী এপ্রিলে তৃণমূল কংগ্রেসের পাঁচজন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। সেই শূন্যপদ পূরণ করতেই এই ভোট। ২৭ ফেব্রুয়ারি প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় রয়েছে একাধিক চমক।

রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং গায়ক-রাজনীতিক বাবুল সুপ্রিয়-এর নাম আগেই আলোচনায় এসেছে। তবে এই পরিচিত মুখদের মাঝেই বিশেষভাবে নজর কেড়েছেন আর এক প্রার্থী মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy)।

মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy) পেশায় আইনজীবী। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে আইপ্যাক সংক্রান্ত মামলা লড়েছিলেন। আদালতে এক শুনানির সময় কেন্দ্রের আইনজীবী মুখ্যমন্ত্রীকে শুধু নাম ধরে সম্বোধন করলে আদালতের শালীনতা বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন তিনি। সেই ঘটনার পর থেকেই তিনি আলোচনায় আসেন।

তবে তাঁর পারিবারিক পটভূমি ভিন্ন রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত। তাঁর বাবা মোহন গুরুস্বামী (Menaka Guruswamy) একসময় আরএসএসের প্রচারক ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। রাজনৈতিক কৌশল নিয়েও যুক্ত ছিলেন তিনি। কিন্তু বাবার রাজনৈতিক মতাদর্শ নিজের জীবনে প্রভাব ফেলতে দেননি মেনকা, এমনটাই বলছেন তাঁর ঘনিষ্ঠরা।

মেনকার (Menaka Guruswamy) ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা কম নয়। তিনি প্রকাশ্যে নিজেকে সমকামী হিসেবে পরিচয় দিয়েছেন। যদি তিনি রাজ্যসভায় নির্বাচিত হন, তাহলে দেশের প্রথম সমকামী সাংসদ হিসেবে ইতিহাস গড়তে পারেন। দীর্ঘদিন ধরে সমকামী অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত তিনি। ২০১৮ সালে সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারা বাতিলের মামলায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই মামলায় তাঁর সঙ্গে লড়েছিলেন বিশিষ্ট আইনজীবী অরুন্ধতী কাটজু, যিনি তাঁর জীবনসঙ্গী।

সব মিলিয়ে রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় মেনকা গুরুস্বামীর নাম ঘিরে রাজনৈতিক ও সামাজিক দুই ক্ষেত্রেই শুরু হয়েছে জোর আলোচনা। তাঁর প্রার্থিতা কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, সমাজের দিক থেকেও তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts