Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • এসআইআর বিতর্কে বড় সিদ্ধান্ত, ক্ষতিগ্রস্ত পরিবারে চাকরি দেওয়ার ঘোষণা রাজ্যের
রাজ্য

এসআইআর বিতর্কে বড় সিদ্ধান্ত, ক্ষতিগ্রস্ত পরিবারে চাকরি দেওয়ার ঘোষণা রাজ্যের

nabanna
Email :4

ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া ঘিরে বিতর্কের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে উদ্যোগী হল রাজ্য সরকার (SIR Death)। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই প্রক্রিয়ার কারণে মৃত বা গুরুতর হয়রানির শিকার পরিবারগুলির একজন সদস্যকে চাকরি দেওয়া হবে।

এসআইআর পর্ব শুরু হওয়ার পর থেকেই নানা বিতর্ক তৈরি হয়েছে। একটি আত্মহত্যার ঘটনার পর বিষয়টি সামনে আসে এবং পরে মৃত্যুর সংখ্যা বেড়ে ছাপ্পান্নতে পৌঁছায় বলে অভিযোগ। কারও আত্মহত্যা, কারও স্বাভাবিক মৃত্যু হলেও পরিবার ও শাসকদলের একাংশের দাবি, এই ঘটনাগুলির নেপথ্যে এসআইআর আতঙ্ক কাজ করেছে। সেই প্রেক্ষিতেই মৃত ছাপ্পান্ন জনের পরিবারের একজন সদস্যকে ক্ষতিপূরণ হিসেবে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির একজন সদস্যকে হোম গার্ড পদে নিয়োগ করা হবে। জেলা ভিত্তিক তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে নবান্নে। শুধু মৃতদের পরিবারই নয়, নাগরিক অধিকার ক্ষুণ্ণ ও হয়রানির অভিযোগে আরও পাঁচটি পরিবারকেও এই সুবিধার আওতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই চাকরির স্থায়িত্ব ও সুযোগসুবিধা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, হোম গার্ড পদে বেতন কম, পেনশন বা গ্র্যাচ্যুইটির সুবিধা নেই এবং প্রতি বছর চাকরি নবীকরণ করতে হয়। অতীতে বহু ক্ষেত্রে নবীকরণ না হওয়ায় চাকরি হারানোর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

এসআইআর ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই রাজ্যের এই চাকরির ঘোষণা নতুন বিতর্ক তৈরি করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কত দ্রুত চাকরি দেওয়া হবে এবং এর প্রভাব কী হবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts