পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার মুখে হলেও জটিলতা ক্রমেই বাড়ছে (Voter List)। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। কিন্তু নথি জমা দেওয়ার পরও বহু ভোটার অনিশ্চয়তায় রয়েছেন। আগেই অভিযোগ উঠেছিল লক্ষাধিক নথি এখনও আপলোড হয়নি (Voter List)। এবার জানা যাচ্ছে, একটি এলাকা থেকেই প্রায় সাড়ে ৮ হাজার ভোটারের নাম বাদ পড়তে পারে।
লক্ষ্মীপুর সুতী এলাকায় এই আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ, প্রয়োজনীয় সব নথি জমা দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট আধিকারিক তা আপলোড করেননি (Voter List)। বিষয়টি জানতে পেরে এলাকার বহু ভোটার কলকাতায় এসে নির্বাচন দফতরের দ্বারস্থ হয়েছেন। আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলছেন তাঁরা।
ভোটারদের দাবি, এসআইআর প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে যে ১৩ ধরনের নথি জমা দেওয়ার কথা, তার মধ্যেই প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে (Voter List)। ১ থেকে ৯৫ নম্বর বুথের বহু ভোটারের ক্ষেত্রে নথি আপলোড হয়নি বলে অভিযোগ উঠেছে। ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে এই তথ্য জানতে পেরেই তাঁরা কমিশনে অভিযোগ জানাতে এসেছেন। হাতে সময় খুব কম থাকায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভোটাররা।
এর আগেও অভিযোগ উঠেছিল দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভুলের কারণে বহু বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের গাফিলতিতে বিপুল সংখ্যক নথি আপলোড হয়নি বলেই অভিযোগ। ফলে সেই সব ভোটারের নাম চূড়ান্ত তালিকায় না থাকার আশঙ্কা তৈরি হয়েছে। কমিশন সূত্রে খবর, প্রায় ১ লক্ষ ১৪ হাজার ভোটারের নথি জমা পড়েনি বা আপলোড হয়নি বলে অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।












