ভোটের মুখে ফের আলোচনায় উঠে এল আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলা (RG Kar)। এই মামলায় প্রথম চার্জশিট জমা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র চার্জশিটে আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নামের পাশাপাশি উল্লেখ রয়েছে বিপ্লব সিংহ ও সুমন হাজরার। সুমন হাজরার সংস্থা হাজরা মেডিক্যালের বিরুদ্ধেও অভিযোগ তুলে আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। কলকাতা নগর দায়রা আদালতের ইডি-র বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করা হয়েছে।
উল্লেখ্য, আরজি কর (RG Kar) হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রথম প্রকাশ্যে আনেন তৎকালীন নন-মেডিক্যাল ডেপুটি সুপার আখতার আলি। পরে তিনিও একই দুর্নীতির মামলায় সিবিআই-এর হাতে গ্রেপ্তার হন। সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই প্রথমে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে। তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। সেই মামলার বিচারপ্রক্রিয়া চলার মধ্যেই আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তের দায়িত্ব নেয় ইডি (RG Kar)।
ইডি সন্দীপ ঘোষ-সহ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতের কাছে আবেদন করে। আদালতের অনুমতি পাওয়ার পর তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা। তদন্তে উঠে আসে, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন হাসপাতালে একাধিক আর্থিক অনিয়ম হয়েছে।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করতে গিয়েই আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। এই দুই মামলার তদন্তই সমান্তরালে চালিয়েছিল সিবিআই। পরে আর্থিক দুর্নীতির অংশটি ইডি-র হাতে যায়।
ইডি সূত্রে জানা গিয়েছে, সন্দীপ ঘোষের সময়কালে বিভিন্ন টেন্ডারে দুর্নীতির অভিযোগ ওঠে। হাসপাতালের ভিতরে বেআইনি পার্কিং চালানো, নিয়ম না মেনে যন্ত্রপাতি কেনা এবং নির্দিষ্ট কিছু সংস্থাকে বেআইনি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এই তদন্তেই বিপ্লব সিংহ ও সুমন হাজরার নাম সামনে আসে। অভিযোগ, নিয়ম ভেঙে তাঁদের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ।











