ধারাবাহিক ভূমিকম্পে (Earthquake) কেঁপে চলেছে পাহাড়ি রাজ্য সিকিম। সেই কম্পনের প্রভাব পড়ছে উত্তরবঙ্গেও। শুক্রবার সকালে দার্জিলিংয়ে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা খুব বেশি না হলেও ঘনঘন ভূমিকম্প হওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মধ্যে (Earthquake)।
জানা গিয়েছে, শুক্রবার সকালে প্রায় ২.৫ মাত্রার কম্পন অনুভূত হয় দার্জিলিং এলাকায় (Earthquake)। এর আগের দিন মঙ্গন অঞ্চলে ৩.৯ এবং ৩.৭ মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভোর চারটা নাগাদ হওয়া ওই কম্পনের প্রভাব উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় টের পাওয়া যায়। শুধু তাই নয়, একদিনেই প্রায় ১৬ বার কম্পনে কেঁপেছে সিকিম।
ফেব্রুয়ারির শুরুতেও একই ছবি দেখা গিয়েছিল (Earthquake)। মাত্র চার দিনের মধ্যে চল্লিশ বারের বেশি ভূমিকম্প হয়েছিল এই পাহাড়ি রাজ্যে। আবার নতুন করে কম্পন শুরু হওয়ায় চিন্তায় ভূবিজ্ঞানীরা। তাঁদের মতে, বড় ভূমিকম্পের আগে অনেক সময় ছোট ছোট কম্পন ঘটে, যাকে পূর্ব সতর্কবার্তা হিসেবে ধরা হয়। ফলে এই পরিস্থিতি নিয়ে নজরদারি বাড়ানো প্রয়োজন বলেই মত বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, ২০১১ সালে সিকিমে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং বহু মানুষের প্রাণহানি ঘটে। সেই স্মৃতি এখনও তাজা পাহাড়ে। ফলে সাম্প্রতিক ঘনঘন কম্পনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গ জুড়ে।












