রাজ্য বিধানসভায় ওবিসি সংশোধনী বিল এবং গুন্ডাদমন বিল পাশ হওয়ার পর এবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও (UCC) বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও সোমবার এই বিল বিধানসভায় পেশ করা হয়নি, তবুও সরকার যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) আনতে প্রতিশ্রুতিবদ্ধ, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী অভিন্ন দেওয়ানি বিধি আনবে (UCC) । তাঁর বক্তব্য, এক দেশ ও এক আইনের ভাবনা বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আগামী দুই তারিখ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিলের খসড়া উপস্থাপন করা হবে।
অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়ে বিরোধীদের আপত্তির জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধিতা করার অধিকার সকলের রয়েছে, তবে আগে পুরো বিষয়টি শোনা উচিত। তিনি জানান, উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমে যে পদ্ধতিতে এই আইন কার্যকর হয়েছে, সেই অভিজ্ঞতা মাথায় রেখেই বাংলার জন্য খসড়া তৈরি করা হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, প্রাচীন জনজাতি এবং মূলবাসী সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে শিক্ষাবিদ, সমাজকর্মী এবং প্রাক্তন প্রশাসনিক আধিকারিকরাও থাকবেন (UCC) । মোট নয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা কাজ করবেন। চার সপ্তাহের মধ্যে কমিটিকে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সকলের মতামত গ্রহণ করেই চূড়ান্ত খসড়া তৈরি হবে।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের ক্ষেত্রে অসমের মডেলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অসমে এই আইনে বহুবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। একাধিক বিয়ের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে। বিয়ের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি একসঙ্গে বসবাসের ক্ষেত্রেও নিবন্ধনের নিয়ম রাখা হয়েছে। সম্পত্তির অধিকারে ছেলে ও মেয়ের সমান অধিকার এবং বিবাহের ন্যূনতম বয়স সম্পর্কেও স্পষ্ট বিধান রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বাংলার আইন তৈরির প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।












