পারদের ওঠানামা চলছেই। তবে রাতের তাপমাত্রা সামান্য কমলেও শীতের আমেজ দ্রুত কমে যাচ্ছে (Weather Update)। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনের বেলায় আর শীতের অনুভূতি মিলবে না। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া বজায় থাকবে। এখনই দক্ষিণা বাতাসের বিশেষ দাপট দেখা যাচ্ছে না (Weather Update)।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে (Weather Update)। রাতের হালকা শিরশিরানি থাকলেও তা দ্রুত কমে যাবে বলে পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি থেকে দিনের তাপমাত্রা অনেকটাই বাড়বে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৭ থেকে ৮২ শতাংশ (Weather Update)।
জানা গিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে। সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও আবহাওয়ার পরিবর্তনে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গে শীতের আমেজ ধীরে ধীরে কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে ১ থেকে ২ ডিগ্রি কম রয়েছে বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তা ১৬ থেকে ১৯ ডিগ্রির মধ্যে রয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
উত্তরবঙ্গেও একই চিত্র। আগামী তিন থেকে চার দিন সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহারে কুয়াশার দাপট কিছুটা বেশি হতে পারে। সপ্তাহান্তে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রির মধ্যে থাকতে পারে। কালিম্পং-সহ উপরের দিকের সমতল জেলাগুলিতে ১১ থেকে ১৫ ডিগ্রি এবং মালদহ-সহ নীচের দিকের জেলাগুলিতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে।
সব মিলিয়ে শীত বিদায়ের পথে। দিনের বেলায় রোদের তেজ বাড়বে, আর ফেব্রুয়ারির শেষেই গরমের স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে বাংলার আবহাওয়ায়।









