বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বিজেপির হয়ে ভিতরে ভিতরে ভোট করানোর পরামর্শ দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও অনুব্রত এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তিনি (Anubrata Mondal) সৌমিত্রকে কটাক্ষ করে বলেন, পাগল-ছাগল কী বলে তার ঠিক নেই। অন্যদিকে চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, সঠিক সময়ে জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প মার্কেটে বিজেপির ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচিতে যোগ দেন সৌমিত্র খাঁ। সেখানেই তিনি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) উদ্দেশ্য করে বলেন, জীবনে অনেক পাপ করেছেন, এবার সনাতনীদের হয়ে কাজ করুন। তিনি দাবি করেন, অনুব্রত বাড়িতে থেকে বিজেপির পক্ষে ভিতরে ভিতরে ভোট করান। তাতে আগামী প্রজন্মের উপকার হবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকেও একই পরামর্শ দেন সৌমিত্র। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী টিকিট দিলেও তিনি যেন বিজেপির হয়ে ভোট করেন। নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে বিজেপির সঙ্গে থাকতে হবে বলেও মন্তব্য করেন সাংসদ। পাশাপাশি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন তিনি।
এই মন্তব্যের জবাবে বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, মদের দোকান খুললেই সবাই মাতাল হয় না, আর পুজোর আয়োজন করলেই কেউ পুরোহিত হয় না। তিনি বলেন, ছাগল কী খায় আর পাগল কী বলে তার ঠিক নেই। অনুব্রতের দাবি, তিনি যদি বিজেপিতে যোগ দিতেন, তবে জেলে যেতে হত না। তিনি আরও বলেন, তৃণমূল ২৩০ থেকে ২৩৫টি আসন পাবে। একজন যা খুশি বললেই তা সত্যি হয়ে যায় না বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, যা বলার অনুব্রত বলেছেন। সময়মতো প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।
সৌমিত্র খাঁর এই মন্তব্য ঘিরে ভোটের আগে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।












