রাস্তা চওড়া করার জন্য ভেঙে ফেলা হবে রাস্তার ধারের দোকান। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে চরম পদক্ষেপ করলেন এক ব্যবসায়ী (Varanasi)। নিজের দোকানে পেট্রল ঢেলে আগুন লাগানোর পাশাপাশি নিজের গায়েও পেট্রল ঢেলে সেই আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন তিনি (Varanasi)।
ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীর (Varanasi) ডালমন্ডি এলাকায়। সেখানে রাস্তা চওড়া করার জন্য ২১টি নির্মাণ চিহ্নিত করেছিল প্রশাসন। সোমবার সেই নির্মাণ ভাঙার প্রস্তুতি শুরু হতেই প্রতিবাদে নামেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের দাবি ছিল, দোকান খালি করার জন্য অন্তত ১০ দিন সময় দেওয়া হোক। কিন্তু প্রশাসন সেই দাবি মানেনি।
এই পরিস্থিতিতেই এক ব্যবসায়ী ক্ষোভে নিজের দোকানে আগুন লাগিয়ে দেন। শুধু তা-ই নয়, নিজের গায়েও পেট্রল ঢেলে আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে শেষ পর্যন্ত উপস্থিত মানুষ তাঁকে থামিয়ে দেন বলে জানা গিয়েছে।
ঘটনার কিছুক্ষণ পরেই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হয়। দশাশ্বমেধ এলাকার এসিপি অতুল অঞ্জন জানান, রাস্তা চওড়া করার জন্য রাস্তার ধারের নির্মাণ ভাঙার কাজ চলছিল।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে সব নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলির মালিকদের গত ৩১ জানুয়ারি নোটিস দেওয়া হয়েছিল। এক আধিকারিকের দাবি, ওই নির্মাণগুলি অনেক পুরনো এবং ভেঙে পড়ার আশঙ্কা ছিল (Varanasi)।







