ভোটের মুখে রাজ্য রাজনীতি যখন উত্তাল, তখন বেগুনি মিছিলের ছবিও চোখে পড়েছিল রাজ্যবাসীর। সেই আন্দোলনের আবহেই ভোটের আগের শেষ বাজেটে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Budget)। অন্তর্বর্তী বাজেটে তাঁদের সাম্মানিক বাড়িয়ে কার্যত ‘কল্পতরু’ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করে জানান, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক সাম্মানিক আরও ১ হাজার টাকা করে বাড়ানো হবে (West Bengal Budget)। একই সঙ্গে আশা কর্মীদের সাম্মানিকও বৃদ্ধি করা হচ্ছে। চলতি বছরের এপ্রিল মাস থেকেই আশা কর্মীরা মাসে অতিরিক্ত ১ হাজার টাকা করে পাবেন।
শুধু সাম্মানিক বৃদ্ধি নয়, আশা কর্মীদের জন্য ঘোষণা করা হয়েছে মাতৃত্বকালীন ছুটির সুবিধাও (West Bengal Budget)। এপ্রিল মাস থেকে রাজ্যের অন্যান্য সরকারি কর্মীদের মতোই আশা কর্মীরাও ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। পাশাপাশি অকাল মৃত্যুর ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাজেটে জানানো হয়েছে, কোনও আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকার অকাল মৃত্যু হলে তাঁদের পরিবার বা নিকট আত্মীয়কে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা (West Bengal Budget)। জানুয়ারি মাসের শেষ দিকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে নামেন তাঁরা। একাধিক দাবি তুলে ধরে শুরু হয় এই আন্দোলন। যদিও এবারের বাজেটে মাতৃত্বকালীন ছুটি ও এককালীন ক্ষতিপূরণের ঘোষণা করা হলেও তাঁদের মূল দাবি, অর্থাৎ ন্যূনতম ১৫ হাজার টাকা সাম্মানিক এখনও পূরণ হয়নি।
বর্তমানে আশা কর্মীদের মাসিক সাম্মানিক ৫ হাজার ২৫০ টাকা। আগামী এপ্রিল মাস থেকে তা ১ হাজার টাকা বেড়ে দাঁড়াবে ৬ হাজার ২৫০ টাকায়। ফলে সাম্মানিক বাড়লেও আন্দোলন পুরোপুরি থামবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।









