ভোটের মুখে রাজ্যের বাজেট যে জনমুখী হবে, তা আগেই অনুমান করেছিলেন রাজ্যবাসী। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট (West Bengal Budget) পেশ শুরু করতেই সেই অনুমান সত্যি হয়ে যায়। একের পর এক বড় ঘোষণা করে চমক দিল রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর পাশাপাশি ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্যারা-শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্যও সুখবর শোনাল নবান্ন (West Bengal Budget)।
বাজেটে জানানো হয়েছে, প্যারা-শিক্ষক, শিক্ষা বন্ধু, সহায়ক-সহায়িকা ও ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতা ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আরও ১ হাজার টাকা করে বাড়ানো হবে (West Bengal Budget)। পাশাপাশি এই কর্মীদের মধ্যে কারও ৬০ বছর বয়সের আগে মৃত্যু হলে তাঁর নিকট আত্মীয়কে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খাতে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে ১১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
উল্লেখ্য, পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, এমএসকে ও এসএসকে কর্মীরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিলেন (West Bengal Budget)। ২০১৮ সালের পর তাঁদের ভাতা বাড়েনি বলে অভিযোগ উঠেছিল। জনমজুরের থেকেও কম বেতন পাওয়ার অভিযোগে শিক্ষা দফতর অভিযান পর্যন্ত করেছিলেন তাঁরা।
এবারের বাজেটে সেই দাবির আংশিক সুরাহা হল। প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের মাসিক ভাতা ১০ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ১১ হাজার টাকা। উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের ভাতা ১৪ হাজার থেকে বেড়ে ১৫ হাজার টাকা করা হচ্ছে। শিক্ষাবন্ধুরা এতদিন মাসে ৮ হাজার টাকা পেতেন, এবার তা বেড়ে হবে ৯ হাজার টাকা। একই সঙ্গে আশা কর্মীদের ভাতাও বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।
সব মিলিয়ে ভোটের আগে রাজ্য বাজেটে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের দিকে বাড়তি নজর দিল মমতা সরকার।










