সকাল থেকেই হালকা শিরশিরে ঠান্ডা অনুভূত হচ্ছে শহরে (Weather Update)। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নিউটাউন, সল্টলেক, বিধাননগর, বাগুইহাটি এবং বিমানবন্দর সংলগ্ন এলাকা। কলকাতার একাধিক অংশে দৃশ্যমানতা কমেছে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফেব্রুয়ারির শেষেই শীতের ইতি ঘটবে। মার্চ মাস থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে গরম।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দোলের আগেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে (Weather Update)। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দোলের সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। কলকাতাতেও পারদ ৩৩ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বলে পূর্বাভাস।
রাতের ঠান্ডা দ্রুত কমে আসছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২০ ডিগ্রির ঘরে (Weather Update)। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩১ শতাংশ থেকে ৯০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান—সব জায়গাতেই আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী সাতদিন এমনই আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সেখানে দিনের তাপমাত্রা রয়েছে ৫ ডিগ্রির ঘরে এবং আজ স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকতে পারে।
সব মিলিয়ে শীত বিদায়ের পথে। সকালের কুয়াশা থাকলেও দোলের আগে থেকেই গরমের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে রাজ্যের আবহাওয়ায়।












