ভোটার তালিকায় নাম তোলা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। তৃণমূল কংগ্রেসের একটি সামাজিক মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে এবার কড়া বার্তা দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (Election Commission)। তাদের দাবি, ওই পোস্টে ভুল তথ্য দেওয়া হয়েছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
নির্বাচনী দফতরের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট কোনও ফর্ম জমা পড়েনি বলে যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়। গত আটাশ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর যাঁদের নাম বাদ গিয়েছিল, তাঁদের তরফ থেকেই বেশিরভাগ আবেদন জমা পড়েছে (Election Commission)। এই আবেদনগুলি ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, কত সংখ্যক আবেদন জমা পড়েছে তা নিয়েও তথ্য সামনে এসেছে (Election Commission)। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিনে প্রায় আট হাজার আবেদন জমা পড়েছে। তবে এই আবেদনগুলি ঠিক কোন ধরনের ফর্মের, তা স্পষ্টভাবে জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, প্রায় তিরিশ হাজার ফর্ম জমা পড়েছে। সেই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছিল, কেন এই ফর্মগুলি সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জমা দেওয়া হচ্ছে। এই দাবির পরেই নির্বাচন দফতরের তরফে বিস্তারিত তথ্য জানানো হয়।
এই ঘটনার পর ভোটার তালিকা নিয়ে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। কোন তথ্য সঠিক এবং কত আবেদন জমা পড়েছে, তা নিয়েই এখন জোর বিতর্ক চলছে।












