৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ (West Bengal Budget) করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগে এই বাজেটে একাধিক জনমুখী ঘোষণার মাধ্যমে কার্যত ‘কল্পতরু’ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী, যুব ও কর্মজীবী মানুষ—সব পক্ষের কথাই জায়গা পেল এই বাজেটে।
এবারের বাজেটে মহিলাদের জন্য একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে (West Bengal Budget) । ফলে এতদিন যাঁরা প্রতি মাসে ১ হাজার টাকা পেতেন, তাঁরা এবার থেকে পাবেন ১ হাজার ৫০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে এই অঙ্ক বেড়ে দাঁড়াচ্ছে ১ হাজার ৭০০ টাকা। কন্যাশ্রী প্রকল্পও আগের মতোই বহাল থাকছে।
নারীদের পাশাপাশি রাজ্যের বেকার যুবদের (West Bengal Budget) জন্যও নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ‘যুব সাথী’ নামে এই নতুন কর্মসূচি চালু হচ্ছে আগামী ১৫ অগস্ট, স্বাধীনতা দিবস থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই প্রকল্প। মাধ্যমিক পাশ এবং বয়স ২১ বছরের বেশি এমন যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। যাঁদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এখনও চাকরি নেই, তাঁদের প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, আগামী পাঁচ বছর ধরে এই ভাতা দেওয়া হবে এবং প্রায় ৩০ লক্ষ যুব এই প্রকল্পে উপকৃত হবেন।
এ ছাড়াও এবারের বাজেটে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতাও বাড়ানো হয়েছে। তাঁদের মাসিক ভাতা ১ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে এই অন্তর্বর্তী বাজেটে সাধারণ মানুষের দিকে হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার।










