গত অক্টোবরের শেষ থেকে ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। খসড়া তালিকা প্রকাশের (Voter List)পর শুনানির পর্বও শেষ হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর নথি পুনরায় যাচাই চলছে। পশ্চিমবঙ্গে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এখন বড় প্রশ্ন, যদি সেই তালিকায় আপনার নাম না থাকে, তাহলে কী করবেন? ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কি ভোট দিতে পারবেন (Voter List)? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কয়েকটি ধাপ রয়েছে, যার মাধ্যমে নাম যাচাই এবং আপত্তি জানানো যায়।
ভারতের নির্বাচন কমিশন-এর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের নাম খুঁজে দেখতে হবে। নিজের পরিচয়পত্র নম্বর দিয়ে সহজেই নাম দেখা যাবে (Voter List)। এছাড়া বাবা-মায়ের নাম বা আগে থেকে যুক্ত মোবাইল নম্বর দিয়েও অনুসন্ধান করা যায়। যদি পরিচয়পত্র নম্বর না থাকে, তাহলে নিজের বিধানসভা কেন্দ্র ও ভোটকেন্দ্র অনুযায়ী তালিকা ডাউনলোড করে সেখানে নাম খুঁজতে হবে।
যদি চূড়ান্ত তালিকায় নিজের নাম না পাওয়া যায়, তাহলে তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে জেলার নির্বাচন আধিকারিকের কাছে আবেদন জানানো যায়। তিনি সিদ্ধান্ত জানালে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তী ১৫ দিনের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছেও আবেদন করা যায় (Voter List)।
অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। পাশাপাশি বুথস্তরের আধিকারিকের মাধ্যমেও আবেদন জানানো সম্ভব। সংশ্লিষ্ট আধিকারিকের নাম ও ফোন নম্বরও জানা যায় কমিশনের পোর্টালে পরিচয়পত্র নম্বর দিয়ে খোঁজ করলে।
যদি মুখ্য নির্বাচন আধিকারিকও আবেদন খারিজ করেন, তাহলে নতুন করে ভোটার হিসেবে নাম তোলার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। ১৮ বছর পূর্ণ হলেই নতুন আবেদন করা যায়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম জমা দিতে হয়। সাধারণত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের ১০ দিন আগে পর্যন্ত আবেদন করার সুযোগ থাকে।
তবে পশ্চিমবঙ্গে এই সংক্রান্ত শেষ তারিখ ও বিস্তারিত প্রক্রিয়া নিয়ে এখনও নির্বাচন কমিশনের তরফে আলাদা নির্দেশিকা জারি হয়নি। তাই ভোটারদের এখনই সতর্ক হয়ে নিজের নাম যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ তালিকায় নাম না থাকলে ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবে না।












