Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নতুন মুখের খোঁজে তৃণমূল? ভোটের আগে ভবনে রহস্যময় ড্রপ বক্স ঘিরে জল্পনা
রাজ্য

নতুন মুখের খোঁজে তৃণমূল? ভোটের আগে ভবনে রহস্যময় ড্রপ বক্স ঘিরে জল্পনা

TMC Drop box
Email :5

মার্চের শুরুতেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা (TMC)। ফলে হাতে সময় খুবই কম। তার আগেই শাসক ও বিরোধী—সব শিবিরেই শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। বিশেষ করে কোন আসনে কে প্রার্থী হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে (TMC)।

এরই মধ্যে কলকাতার তৃণমূল (TMC) ভবনে বসানো হল একটি ‘বায়োডেটা বক্স’। আগামী বিধানসভা নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চান, তারা এই বক্সে নিজেদের বায়োডেটা জমা দিতে পারবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশেই সোমবার থেকে এই উদ্যোগ শুরু হয়েছে (TMC)।

বক্স বসানোর পর থেকেই প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে আবেদন জমা পড়ছে। এখনও পর্যন্ত শতাধিক আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন চিকিৎসক, সমাজসেবী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ। এমনকি বহু বর্তমান ও প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রীও বায়োডেটা জমা দিতে আগ্রহ দেখিয়েছেন।

জানা গিয়েছে, ড্রপ বক্স বসানোর পর চিকিৎসক মৃণালকান্তি সাহা প্রার্থী হওয়ার ইচ্ছা জানিয়ে বায়োডেটা জমা দিয়েছেন। তিনি দীর্ঘদিন মাদার টেরেসার সঙ্গে কাজ করেছেন বলে জানা যায়। এছাড়াও সমাজসেবী এনামুল হক আবেদন জমা দিয়েছেন। লালগোলার প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এবং মালদহের মন্ত্রী তাজমূল হোসেনও প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন বলে দলীয় সূত্রের খবর।

এর আগে একুশের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগেও একইভাবে তৃণমূল (TMC) ভবনে ড্রপ বক্স বসিয়ে আবেদন সংগ্রহ করা হয়েছিল। সেই রীতি মেনেই এবারও একই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রতি নির্বাচনে প্রার্থী ঘোষণার সময় চমক দেয় তৃণমূল কংগ্রেস। এবারও কি নতুন মুখকে সুযোগ দেওয়া হবে, না কি পুরনোদের উপরেই ভরসা রাখবে দল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির নির্দেশে জেলা সভাপতিদের বিষয়টি জানানো হয়েছে। তৃণমূল ভবনের একতলার একটি ঘরে এই ড্রপ বক্স রাখা হয়েছে। ভোটের দিন ঘোষণা হওয়ার পরই বক্স খোলা হবে বলে জানা গিয়েছে।

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। প্রার্থী তালিকায় কী চমক অপেক্ষা করছে, সেদিকেই এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts