পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমের বিধানসভা নির্বাচনেও লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC Candidate)। উত্তর-পূর্বের এই রাজ্যে এবার একলা চলো নীতি নিয়েই ভোটে নামছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রথমে ৫১টি আসনে লড়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ২২টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই দুই দফায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে (TMC Candidate)।
তৃণমূল (TMC Candidate) আগেই স্পষ্ট জানিয়েছিল, অসমে তারা কোনও বিরোধী জোটে থাকবে না। নিজেদের শক্তির উপর ভর করেই লড়াই করতে চায় দল। সেই লক্ষ্যেই বরাক উপত্যকার ৫টি এবং ব্রহ্মপুত্র উপত্যকার ১৭টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। দলের দাবি, প্রার্থী নির্বাচনে সব স্তরের মানুষের প্রতিনিধিত্ব বজায় রাখা হয়েছে এবং খুব কম সংখ্যক সংখ্যালঘু অধ্যুষিত আসন রাখা হয়েছে।
অসমে তৃণমূলের প্রবীণ নেতা দুলু আহমেদ চামারিয়া কেন্দ্র থেকে লড়বেন (TMC Candidate)। এছাড়াও কোকরাঝাড়ে উদংশ্রী নারজারি, বিলাসিপাড়ায় মোমিনুর ইসলাম, অভয়পুরীতে কৌশিক রঞ্জন দাস, বাজলীতে কল্যাণী কলিতা, গোরেশ্বরে রাজন চৌহান, মঙ্গলদাইয়ে হরে কৃষ্ণ ডেকা, কাটিগড়ায় ফজিউর রহমান লস্কর এবং সোনাইয়ে শাহজাহান লস্কর প্রার্থী হয়েছেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলবদল করে আসা নেতাদের এড়িয়ে স্থানীয় ও বিদ্রোহী নেতাদের সুযোগ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে দল ছাড়ার ঝুঁকি কম থাকে (TMC Candidate)। তৃণমূলের দাবি, অসমে কংগ্রেস ও বিজেপির মধ্যে দীর্ঘদিন ধরে যে রাজনীতি চলছে, তার বাইরে একটি বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় তারা।
দলের নেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, ফল যাই হোক, লক্ষ্য স্থির রেখেই ভোটে নামছে তৃণমূল এবং বিরোধী হিসেবে শক্ত অবস্থান গড়ার বিষয়ে তারা আত্মবিশ্বাসী।
উল্লেখ্য, চলতি বছরে মোট পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে। অসমে ভোট হবে ৯ এপ্রিল, এক দফাতেই। রাজ্যে মোট ১২৬টি আসনের মধ্যে ২২টিতে লড়ছে তৃণমূল। অন্যদিকে কংগ্রেস ইতিমধ্যেই ৯৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিজেপিও প্রথম দফায় ৮৮টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে। ভোট গণনা হবে ৪ মে।













