ভোটের মুখে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে বড় অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের দাবি, বাংলায় যাঁদের পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে, তাঁদের একাংশ বিজেপি ঘনিষ্ঠ। সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ সায়নী ঘোষ এই অভিযোগ করেন। তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শেই এই পর্যবেক্ষকদের পাঠানো হয়েছে (TMC)।
ব্রাত্য বসু বলেন, একাধিক আসনে পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁর কটাক্ষ, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মনে হচ্ছে সব আসনেই একজনই প্রার্থী। সাংবাদিক বৈঠকে তিনি কয়েকজন পর্যবেক্ষকের ছবি দেখিয়ে তাঁদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের কথা তুলে ধরেন (TMC)।
তৃণমূলের (TMC) দাবি, বনগাঁ দক্ষিণের পর্যবেক্ষক হিসেবে যাঁকে পাঠানো হয়েছে, তাঁর বিরুদ্ধে অতীতে সরকারি জমি বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তদন্তও হয়েছিল। পরে অন্য সরকার এসে তাঁকে ছাড় দেয় বলে অভিযোগ তৃণমূলের।
গাজোলের পর্যবেক্ষককে নিয়েও অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, তিনি আগে একটি রাজ্যে স্বাস্থ্য দফতরের দায়িত্বে থাকাকালীন বড় অঙ্কের টেন্ডার নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। বিরোধীদের দাবি ছিল, নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেই টেন্ডার করা হয়েছিল (TMC)।
মধ্যমগ্রামের পর্যবেক্ষকের ক্ষেত্রেও তৃণমূলের অভিযোগ, তিনি অতীতে একটি রাজ্যের প্রশাসনে কাজ করার সময় রাজনৈতিক যোগাযোগ রক্ষার দায়িত্বে ছিলেন।
বালিগঞ্জের পর্যবেক্ষককে নিয়েও গুরুতর অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের দাবি, তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ রয়েছে। এমনকি এক আদিবাসী পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগও সামনে আনা হয়েছে।
এই সমস্ত অভিযোগ সামনে এনে তৃণমূল দাবি করেছে, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্টদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।













