বন্ধুর দলবদলের ঘটনায় গভীর কষ্ট ও আক্ষেপ প্রকাশ করলেন সিপিএমের তরুণ নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। গত কয়েক দিন ধরে রাজনৈতিক মহলে প্রতীক উরের তৃণমূলে যোগদান নিয়ে জোর আলোচনা চলছে। দলবদলের পর একাধিক মহল থেকে প্রতিক্রিয়া চাওয়া হলেও সেভাবে প্রকাশ্যে কথা বলেননি সৃজন। তবে মানসিক অস্থিরতা কিছুটা কাটার পর তিনি (Srijan Bhattacharya) সংবাদমাধ্যমের সামনে এসে নিজের মনের কথা জানান। তাঁর বক্তব্যে বন্ধুকে হারানোর কষ্ট, আক্ষেপ এবং নিজেকে ব্যর্থ বন্ধু মনে হওয়ার যন্ত্রণা স্পষ্ট হয়ে ওঠে। যদিও বন্ধু প্রতীক উর রহমান-এর বিরুদ্ধে কোনও আক্রমণাত্মক মন্তব্য করেননি তিনি।
সৃজন (Srijan Bhattacharya) বলেন, এতদিন তিনি বন্ধুকে একভাবেই চিনতেন এবং রাতারাতি কঠোর ভাষায় আক্রমণ করার মতো মানসিকতা তাঁর তৈরি হয়নি। গত কয়েক দিন ধরে নানা চিন্তা মাথায় ঘুরছিল, এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তিনি (Srijan Bhattacharya) কথা বলতে পারছেন বলে জানান। প্রতীক উর দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেও দল তাঁকে ধরে রাখার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছে বলেও দাবি করেন সৃজন। তাঁর কথায়, দলীয় নেতৃত্ব থেকে শুরু করে তিনি নিজেও শেষ মুহূর্ত পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছেন। এমনকি রাজ্য সম্পাদককে অনেক কথা বলার পরও রাজ্য কমিটির বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রবীণ নেতা বিমান বসু-ও ফোন করে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানান তিনি। কিন্তু শেষ পর্যন্ত প্রতীক উর নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।
বন্ধুর সিদ্ধান্ত বুঝতে না পারার প্রসঙ্গে সৃজন (Srijan Bhattacharya) বলেন, বন্ধু হিসেবে তাঁর ব্যর্থতাও থাকতে পারে। তাঁর মতে, এটি দায়িত্বজ্ঞানহীন ও হঠকারী সিদ্ধান্ত এবং ভবিষ্যতে এই সিদ্ধান্ত নিয়ে আফসোস হতে পারে। তিনি মনে করেন, তাত্ক্ষণিক লাভ-ক্ষতির কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হলেও দীর্ঘমেয়াদে তার ফল ভিন্ন হতে পারে।
দলের প্রতি ক্ষোভ থাকলেও তৃণমূলের পতাকা হাতে নেওয়ার সিদ্ধান্ত সেই ক্ষোভের অর্থ বদলে দিয়েছে বলেও মন্তব্য করেন সৃজন। তাঁর কথায়, সমস্ত সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে যাওয়ার এই পদক্ষেপের অন্য অর্থ থাকত, যদি তৃণমূলে যোগ না দিতেন। এখন মনে হচ্ছে, দলবদলের পথ তৈরি করতেই আগে থেকে একাধিক বক্তব্য রাখা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেস-এ যোগ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনাও করেন।
তবে একজন নেতা চলে যাওয়ায় আদর্শে ভাঙন ধরবে না বলেই দাবি করেন সৃজন। তিনি বলেন, একজনের চলে যাওয়া সত্যি, কিন্তু তা দিয়ে পুরো প্রজন্মকে বিচার করা ঠিক নয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, তাজমহল ভেঙে গেলেও মানুষ যেমন প্রেম করা বন্ধ করে না, তেমনই একজনের দলত্যাগে আদর্শের পথ থেমে যাবে না। বরং গত কয়েক বছরে বহু তরুণ-তরুণী দলের সঙ্গে যুক্ত হয়েছেন বলেও তিনি দাবি করেন। বন্ধুর দলবদল হয়তো বাকি কর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে, এই বার্তাই দেন সৃজন।












