সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের (Lovely Moitra) একটি নির্বাচনী পোস্টকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি দাবি করেছে, পোস্টে বাংলার ভোটকে ‘বাংলাদেশ ভোট’ বলা হয়েছে। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, “এটি কোনও ভুল নয়, বরং ভয়ানক প্রবণতার প্রতিফলন। বাংলার ভোটকে বাংলাদেশ বলার মানে কী?”
লাভলি মৈত্রের (Lovely Moitra) ফেসবুক পোস্টে লেখা ছিল, “সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন।” এই ক্যাপশনের নিচে কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল। সেই হ্যাশট্যাগগুলির মধ্যে একটি ছিল ‘#বাংলাদেশভোট’।
বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “বুঝতে পারছি না, ও (Lovely Moitra) কি বাংলাদেশে লড়ছে? নাকি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার স্বপ্ন দেখছে? ভোট তো বেশি পাবে না, এসআইআর-এ অনেক নাম বাদ পড়েছে। তবুও হয়তো ভাবছে ওখান থেকেই বাংলাদেশিরা ভোট দেবে।”
প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। এটা স্পষ্ট এজেন্ডা।”
তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত বলেন, “লাভলির পোস্টে যে হ্যাশট্যাগ নিয়ে বিতর্ক, তা প্রায়শই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা স্টাফদের কাজ। আমি সাফাই দিচ্ছি না। তবে বিজেপি নন-ইস্যুকে ইস্যু বানাচ্ছে।”
বিতর্কের মুখে লাভলি মৈত্রের পোস্ট মুছে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে উত্তাপ চরমে পৌঁছেছে।







