নির্বাচন প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পোলিং এজেন্টদের ভূমিকা ও অবস্থান নিয়ে নতুন ভাবনা শুরু করেছে নির্বাচন কমিশন (Election Commission)। আলোচনা চলছে, ভবিষ্যতে বুথের ভিতরে নয়, বাইরে বসতে হতে পারে রাজনৈতিক দলের এজেন্টদের।
এখন পর্যন্ত বাংলার নির্বাচনী প্রথা অনুযায়ী, পোলিং এজেন্টরা বুথের ভিতরেই বসে তাঁদের কাজ করেন। তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে ভোটার তালিকা মিলিয়ে দেখা, ভোটগ্রহণ প্রক্রিয়ায় নজর রাখা এবং প্রিসাইডিং অফিসারদের কাজে সহায়তা করেন। প্রতিটি প্রার্থীর একজন করে এজেন্ট থাকার নিয়ম রয়েছে।
কিন্তু কমিশন (Election Commission) সূত্রে জানা যাচ্ছে, এই পুরনো প্রথা বদলাতে পারে। পোলিং এজেন্টদের বুথের বাইরে বসানোর বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। যদি নিয়মে এমন পরিবর্তনের সুযোগ থাকে, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে এই নতুন ব্যবস্থা চালু হতে পারে।
নির্বাচনকে (Election Commission) আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে কমিশন ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে আধিকারিকদের বদলিও করা হয়েছে। এই সব পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কও কম হয়নি এবং আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি।
এই পরিস্থিতিতে পোলিং এজেন্টদের বসার জায়গা পরিবর্তনের পরিকল্পনা নতুন করে আলোচনা শুরু করেছে। যদিও কমিশনের তরফে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি এবং বিষয়টি আলোচনার স্তরেই রয়েছে।












