ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন পর নিজের বিধানসভা কেন্দ্র পরিদর্শনে বেরোলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শনিবার সকালে গাড়িতে করে এলাকায় পৌঁছে তিনি পাঠকপাড়ার একটি পরিচিত চায়ের দোকানে বসে চা খান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বহুদিন পর তাঁকে এলাকায় দেখে কৌতূহল ও ভিড় তৈরি হয়।
নিয়োগ দুর্নীতির মামলায় দীর্ঘ সময় জেলে থাকার পর আবার জনসংযোগে নামতেই কর্মসংস্থান প্রসঙ্গ তুলে ধরেন তিনি (Partha Chatterjee)। পার্থ বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার মানুষকে ভাতা দিয়েছে, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় কর্মসংস্থান। তাঁর কথায়, কোটি কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা পূরণ হয়নি, যা মেনে নেওয়া কঠিন। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, তাদের ধরা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পার্থ (Partha Chatterjee) দাবি করেন, কোনও অনিয়মের সঙ্গে তিনি কখনও যুক্ত ছিলেন না। সময় এলে আইনি পথে যাঁরা তাঁকে অপমান করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দলের প্রতি নিজের আনুগত্যের কথা স্পষ্ট করে পার্থ বলেন, রাজনৈতিক জীবনে তিনি কখনও অসৎ পথ অবলম্বন করেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়র প্রতি তাঁর আস্থা অটুট।











