সিপিএমের অন্দরে প্রতীক উর রহমানকে ঘিরে বিতর্ক আরও তীব্র হল (WB Election)। এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই সাংবাদিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শেষে আলিমুদ্দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মূলত আসন্ন বিধানসভা নির্বাচন ও দলের কর্মসূচি নিয়ে কথা বলেন। একই সঙ্গে তৃণমূল ও বিজেপি থেকে সমদূরত্ব বজায় রেখে ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান (WB Election)। তবে প্রতীক উর রহমানকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেন, তিনি কোনও অভিযোগের শুনানি করতে বসেননি এবং সাংবাদিক সম্মেলন এই ধরনের বিষয় আলোচনার জায়গা নয়।
পরবর্তী সময়ে অবশ্য প্রতীক উর রহমানকে ঘিরে দলের অবস্থান কিছুটা স্পষ্ট করেন সেলিম (WB Election)। তিনি জানান, গত দেড় থেকে দু’মাস ধরে প্রতীকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। দলের অভ্যন্তরীণ কমিটি সেই অভিযোগ খতিয়ে দেখছে। সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার পর থেকেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয় বলে তাঁর দাবি। সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে প্রতীক অন্য দলের সঙ্গে যোগাযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে দল সিদ্ধান্ত নেবে এবং সময়মতো তা জানানো হবে বলেও জানান সেলিম (WB Election)। তাঁর কথায়, প্রতীকের রাজনৈতিক পরিচিতি সিপিএম থেকেই তৈরি হয়েছে এবং এই ধরনের কর্মীকে হারানো দলের কাছে গভীর কষ্টের।
সপ্তাহের শুরুতে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রাথমিক সদস্যপদ ও জেলা-রাজ্য কমিটির দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে চিঠি দেন ডায়মন্ড হারবারের যুবনেতা প্রতীক উর রহমান। সেই চিঠি প্রকাশ্যে আসে কুণাল ঘোষ-এর মাধ্যমে, যা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। এরপর প্রতীক প্রশ্ন তোলেন, দলের অন্দর থেকে কীভাবে তাঁর চিঠি বাইরে গেল এবং তিনি এ বিষয়ে জবাবদিহি চাইবেন বলেও জানান। সাম্প্রতিক রাজ্য সম্মেলনে তাঁকে আমন্ত্রণ না জানানোয় দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে বলে রাজনৈতিক মহলের মত। একই সঙ্গে তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তৈরি হওয়ায় অস্বস্তি বেড়েছে আলিমুদ্দিনে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম বলেন (WB Election), গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এবং প্রতীক কোন দলে গিয়েছেন তা তিনি শোনেননি। কয়েকটি সাক্ষাৎকার বা মন্তব্যে দলের ক্ষতি হবে না বলেও দাবি করেন তিনি। পাশাপাশি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জানান, কেউ সমস্যায় পড়লে তাকে সাহায্য করতে হয়, তবে অন্যকে বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়া যাবে না। প্রতীক উর রহমানকে ঘিরে এই টানাপোড়েন বিধানসভা ভোটের আগে সিপিএমের অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।








