শহরের মেট্রো পরিষেবা দিন দিন বাড়ছে (Kolkata Metro)। শহরের বাইরেও এখন মেট্রোর পরিষেবা পৌঁছে গিয়েছে। যাত্রীর সংখ্যাও বেড়েছে অনেক। তবে এখনও অনেক যাত্রী মেট্রোয় কী কী জিনিস বহন করা যায় আর কী যায় না, তা ঠিকভাবে জানেন না। সেই কারণেই এবার একাধিক মেট্রো স্টেশনে (Kolkata Metro) নিষিদ্ধ জিনিসের তালিকা টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি জানানো হচ্ছে, নিয়ম ভাঙলে শাস্তিও হতে পারে।
মেট্রোর নিরাপত্তার (Kolkata Metro) দায়িত্বে থাকা কর্মীরা জানাচ্ছেন, অনেক যাত্রী তাঁদের ব্যাগে এমন কিছু জিনিস নিয়ে আসেন, যা মেট্রোয় বহন করা নিষিদ্ধ। বিশেষ করে যারা নির্মাণকাজের সঙ্গে যুক্ত, তাঁদের ব্যাগে ছেনি, হাতুড়ি, শাবল বা অন্যান্য সরঞ্জাম থাকে। অনেক সময় তাঁরা এই ব্যাগ স্ক্যানারে দিতে চান না, কারণ তাতে সমস্যা হতে পারে। এই নিয়ে প্রায়ই ঝামেলা তৈরি হয়।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ধারালো বা বিপজ্জনক জিনিস যেমন বড় ছুরি, লম্বা ব্লেডযুক্ত ছুরি, কাঁচি ইত্যাদি নিয়ে মেট্রোয় ওঠা নিষিদ্ধ। এছাড়া বিস্ফোরক পদার্থ, আতশবাজি বা এ ধরনের বিপজ্জনক বস্তু নিয়েও প্রবেশ করা যায় না। দাহ্য পদার্থ যেমন জ্বালানি, বিভিন্ন ধরনের দাহ্য তরল বা মদও বহন করা নিষেধ (Kolkata Metro)।
শুধু তাই নয়, অনেকেই জানেন না যে কাঁচা মাংস, মাছ বা চারাগাছ নিয়েও মেট্রোয় ওঠা যায় না। সঠিকভাবে সিল না করা এই ধরনের জিনিস বহন করলে সমস্যায় পড়তে হতে পারে। এছাড়া বিষাক্ত বা ক্ষতিকর রাসায়নিক, অ্যাসিড, তেজস্ক্রিয় পদার্থ বা কাঁদানে গ্যাসের মতো জিনিসও সম্পূর্ণ নিষিদ্ধ (Kolkata Metro)।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক যাত্রী না জেনেই এই ধরনের জিনিস নিয়ে আসেন এবং টিকিট কেটে ফেলেন। কিন্তু প্রবেশের সময় ধরা পড়লে তাঁদের আটকে দেওয়া হয়। তখনই ঝামেলার সৃষ্টি হয়।
নিয়ম ভাঙলে জরিমানা করা হতে পারে। গুরুতর ক্ষেত্রে কারাদণ্ডের ব্যবস্থাও রয়েছে। তাই যাত্রীদের আগেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অজান্তে কোনও সমস্যায় না পড়তে হয়।











