একশ এক ঘণ্টা ধরে চলা ধরনা কর্মসূচি শেষ করার পরই প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমানে রাজ্য সরকারের অতিথিশালায় রয়েছেন বোস। মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতলার ধরনা মঞ্চ থেকে সোজা সেখানে যান মমতা। সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখিও হন তিনি। সেই সময় আবারও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সুরে কথা বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, যেহেতু সিভি আনন্দ বোস আগামীকাল রাজ্য ছেড়ে চলে যাবেন, তাই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অনেক দিন একসঙ্গে কাজ করেছেন তাঁরা এবং দু’জনের মধ্যে ভাল সম্পর্ক ছিল। তাঁর অভিযোগ, ভোটের আগে আচমকা তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, নিজের মনের কথাও বোসকে জানিয়েছেন। একই সঙ্গে তাঁকে আবার বাংলায় আসার আমন্ত্রণও জানিয়েছেন।
এই সাক্ষাৎ নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টও করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি সিভি আনন্দ বোসের প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস আগামীকাল বিদায় নিচ্ছেন। ধর্মতলায় পাঁচ দিনের ধরনা কর্মসূচি শেষ করার পর তিনি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করেছেন। মমতার মতে, সিভি আনন্দ বোস একজন অত্যন্ত পণ্ডিত ও বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর দায়িত্বকালে রাজ্যের উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই আলাপচারিতাগুলি তাঁর কাছে সবসময়ই মূল্যবান বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
মমতা আরও লেখেন, ভবিষ্যতের নতুন পথচলার জন্য তিনি সিভি আনন্দ বোসকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর বিশ্বাস, নিজের জ্ঞান ও অভিজ্ঞতার জোরে ভবিষ্যতে যে দায়িত্বই তিনি গ্রহণ করুন না কেন, সেখানে সফল হবেন।
ধরনা শেষ করার পরেই এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে ভোটের আগে রাজ্যপাল বদলের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে আবারও কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।











