সামনে নির্বাচন। নারী সুরক্ষা এখন বড় রাজনৈতিক ইস্যু। সেই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না শহর পুলিশ (Kolkata)। মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় চালু হচ্ছে পিঙ্ক বুথ।
পুলিশ (Kolkata) সূত্রে জানা গিয়েছে, এই বুথগুলি সম্পূর্ণভাবে মহিলা পুলিশ কর্মীদের দ্বারা পরিচালিত হবে। সেখানে থাকবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় নিরাপত্তা পরিকাঠামো। সন্ধের পর থেকে যারা কাজ সেরে বাড়ি ফেরেন, সেই সব মহিলাদের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাশাপাশি রাতের শহরে (Kolkata) টহল দেবে বিশেষ শাইনিং পেট্রলিং গাড়ি। সেই গাড়িতেও থাকবেন মহিলা উর্দিধারীরা। এই টহল ব্যবস্থার নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত পিঙ্ক বুথগুলি খোলা থাকবে। আর রাত দুটো পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় টহল দেবে এই বিশেষ গাড়ি।
প্রথম পর্যায়ে গড়িয়াহাট, শ্যামবাজার, বেহালা, কাঁকুড়গাছি এবং হিডকো মোড়ে এই বুথ চালু হচ্ছে। পরে আরও এলাকায় সংখ্যা বাড়ানো হতে পারে।
পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার জানিয়েছেন, নারী সুরক্ষা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে। বিশেষ করে সন্ধের পর কর্মরত মহিলারা যাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। কোনও সমস্যায় পড়লে মহিলারা সরাসরি পিঙ্ক বুথে যোগাযোগ করতে পারবেন।
সব মিলিয়ে ভোটের আগে নারী সুরক্ষায় এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে শহরের বাসিন্দারা। প্রশাসনের দাবি, এই ব্যবস্থায় শহরে মহিলাদের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।













