দীর্ঘদিন ধরে আটকে থাকা কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ অবশেষে শুরু হতে চলেছে (Kolkata Metro)। এই প্রকল্প সম্পূর্ণ করতে ৩৬৬ মিটার লাইনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এতদিন এই কাজ বন্ধ থাকায় নানা জটিলতা তৈরি হয়েছিল এবং বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। আদালতের তিরস্কারের পর অবশেষে এই কাজে সবুজ সংকেত মিলেছে (Kolkata Metro)।
জানা গিয়েছে, আগামী ১৫ মে থেকে চিংড়িঘাটা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করে কাজ শুরু হবে (Kolkata Metro)। রেল বিকাশ নিগম লিমিটেড জানিয়েছে, এই কাজের জন্য কলকাতা ট্রাফিক পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়া গিয়েছে। প্রথমে কয়েক দিনের জন্য ট্রাফিক বন্ধ রেখে কাজ করা হবে, পরে প্রয়োজন অনুযায়ী আরও সময় নেওয়া হবে।
এই অংশে পিলারের উপর গার্ডার বসানো হবে, যার উপর দিয়ে মেট্রোর লাইন তৈরি করা হবে (Kolkata Metro)। এই কাজ সম্পূর্ণ হলে বেলেঘাটা ও গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের মধ্যে সংযোগ তৈরি হবে। ফলে কবি সুভাষ থেকে সেক্টর পাঁচ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। সূত্রের খবর, সব কাজ ঠিকঠাক চললে চলতি বছরেই এই লাইনে মেট্রো চলতে পারে।
এর আগে আইনি জটিলতা ও প্রশাসনিক সমস্যার কারণে ২০২৪ সালের ডিসেম্বর থেকে এই প্রকল্প কার্যত থমকে যায় (Kolkata Metro)। পরে হাইকোর্টে মামলা হয় এবং আদালত কাজ শুরুর নির্দেশ দেয়। সেই নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্টও। আদালত প্রশ্ন তোলে, উন্নয়নমূলক কাজে বাধা কেন দেওয়া হচ্ছে। অবশেষে সেই জট কাটিয়ে কাজ শুরু হতে চলেছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষার আগেই এই গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা চলছে। জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।











