ভোটের মুখে রাজ্যে আবারও কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। এবারও ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশকে ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে চিঠি দিয়ে এই নির্দেশ জানিয়েছে কমিশন (Election Commission)।
বুধবার নির্বাচন কমিশনের (Election Commission) তরফে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেখানে ভোটের নিরাপত্তা এবং নিয়ম নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রের খবর, এবার প্রায় তিন হাজার ক্যামেরা দিয়ে বুথের ভিতর এবং বাইরে নজরদারি চালানো হবে। রাস্তাতেও বাড়ানো হয়েছে তল্লাশি। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যদি কোনও বুথে ক্যামেরা কাজ না করে, তাহলে সেই বুথে সঙ্গে সঙ্গে পুনর্নির্বাচন করা হবে। এই বিষয়ে সব আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে (Election Commission)।
সাধারণত ভোটের সময় বুথের আশেপাশে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত জমায়েত নিষিদ্ধ থাকে। তবে এবার কিছু পর্যবেক্ষক দাবি করেছেন, শুধুমাত্র বুথ নয়, যেসব জেলায় অশান্তির সম্ভাবনা বেশি, সেখানে আরও বড় পরিসরে নিষেধাজ্ঞা জারি করা হোক। সেই প্রস্তাবও কমিশনের কাছে রাখা হয়েছে।
এদিকে কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশ কোনওভাবেই ব্যবহার করা যাবে না। শুধু ভোটের দিনই নয়, ভোটের আগে তিন দিন এবং ভোটের পরের দিনও তারা ইউনিফর্ম পরে ডিউটি করতে পারবেন না। আগের নির্বাচনগুলিতেও একই নির্দেশ দেওয়া হয়েছিল।
সব মিলিয়ে ভোটকে ঘিরে নিরাপত্তা ও নিয়মের ক্ষেত্রে কমিশন এবার কোনও ঝুঁকি নিতে চাইছে না, তা স্পষ্ট হয়ে গিয়েছে।











