সিভি আনন্দ বোস (CV Ananda Bose) বাংলাকে ভালোবাসেন। ২০২২ সালের নভেম্বরে রাজ্যপাল হওয়ার পর তিনি এটি জানিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রভাব তাঁর বোস পদবীর পিছনেও আছে। বাংলায় বই লেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন। ৩ বছর ৪ মাস পর আচমকা রাজ্যপাল (CV Ananda Bose) পদ থেকে ইস্তফা দেওয়ার সময়ও বাংলার প্রতি তাঁর টান স্পষ্ট। এবার তিনি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন।
চিঠিতে তিনি (CV Ananda Bose) পশ্চিমবঙ্গবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাজ্যপাল হিসেবে তাঁর অধ্যায় শেষ হলেও বাংলা এবং পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সম্পর্ক কখনো শেষ হবে না। তিনি বলেন, পশ্চিমবঙ্গ এখন তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ এবং ভবিষ্যতেও নিবিড়ভাবে যুক্ত থাকবেন।
আনন্দ বোস (CV Ananda Bose) চিঠিতে মানুষের উষ্ণতা ও আন্তরিকতার কথা স্মরণ করেছেন। সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, শিশুদের উচ্ছ্বাস, যুবকদের দৃঢ় করমর্দন এবং প্রবীণদের স্নেহময় দৃষ্টির স্মৃতি তাঁর কাছে অমূল্য। তিনি মহাত্মা গান্ধীর উক্তি উল্লেখ করে বলেন, “আমি বাংলাকে ছেড়ে যেতে পারি না, আর বাংলা আমায় যেতে দেবে না।”
চিঠিতে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি তুলে ধরেছেন, যেখানে বলা হয়েছে শ্রমজীবী মানুষের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি। গত তিন বছরে তিনি রাজ্যের বিভিন্ন জেলা ঘুরেছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন। গ্রামাঞ্চলে বসে খাওয়া, ছাত্রছাত্রীদের সঙ্গে পড়াশোনা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা।
রাজ্যপাল বলেন, বাংলার মানুষ তাদের সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি গর্বিত। চিঠির শেষে তিনি বাংলার মানুষের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন। ভবিষ্যতে বাংলা আরও গৌরবের শিখরে পৌঁছাবে বলে তাঁর বিশ্বাস। সবশেষে তিনি বাংলার মানুষের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে লিখেছেন, ‘মা দুর্গা আমার জনগণকে রক্ষা করুন।’













