ভোটের ঠিক আগে আচমকা পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। সেখান থেকেই রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তবে সেই পদত্যাগ গ্রহণ করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। রাজভবনের তরফেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি (CV Ananda Bose)।
২০২২ সালের ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন বোস (CV Ananda Bose)। প্রায় চল্লিশ মাস তিনি এই পদে ছিলেন। দায়িত্বে থাকাকালীন একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত প্রকাশ্যে আসে। শাসকদল তাঁকে সরানোর দাবিও তোলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা হয় (CV Ananda Bose)।
এই পরিস্থিতিতে ভোটের মুখে তাঁর হঠাৎ পদত্যাগ ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কেন এই সিদ্ধান্ত, তা এখনও পরিষ্কার নয়।
শুক্রবার দার্জিলিংয়ের রাজভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল বোসের। একটি প্রদর্শনীর উদ্বোধনে রাষ্ট্রপতির সঙ্গে থাকার পরিকল্পনা ছিল। বৃহস্পতিবার তাঁর বাগডোগরা যাওয়ার কথা ছিল বলে জানা যায়। কিন্তু তার আগেই তাঁকে দিল্লিতে ডাকা হয়। এরপরই সামনে আসে পদত্যাগের খবর।
বোসের আগে বাংলার রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। তাঁর সময়েও রাজ্য সরকারের সঙ্গে টানাপোড়েন ছিল। পরে তিনি দেশের উপরাষ্ট্রপতি হন এবং সেই পদ থেকেও ইস্তফা দেন। সেই সিদ্ধান্ত নিয়েও নানা আলোচনা হয়েছিল।
এবার বোসের পদত্যাগ নিয়েও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি, এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা উচিত। ভোটের আগে এই পদত্যাগ রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে কি না, এখন সেটাই বড় প্রশ্ন।









