পশ্চিমবঙ্গে ২৯৪ আসনের প্রার্থী তালিকা আগে থেকেই প্রকাশ করেছে কংগ্রেস (Congress)। মঙ্গলবার কলকাতায় এসে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দলীয় ইস্তাহার প্রকাশ করেছেন। তিনি এদিন তৃণমূল ও বিজেপির বাইরে তৃতীয় বিকল্প হিসেবে কংগ্রেসকে বেছে নেওয়ার বার্তা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশও।
ইস্তাহারে (Congress) মূল জোর দেওয়া হয়েছে সাধারণ মানুষের কল্যাণ ও সুশাসনের ওপর। শিক্ষার ক্ষেত্রেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। খাড়্গে বলেন, ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মানুষ স্নাতকোত্তর স্তর পর্যন্ত নিখরচায় পড়াশোনা করতে পারবে। এছাড়া মাসে মাসে ২০০০ টাকা ভাতাও দেওয়া হবে।
সরকারি চাকরিতে এক বছরের মধ্যে সব পদ পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নারীদের জন্য সরকারি যানবাহনে বিনামূল্যে যাতায়াতের সুযোগ থাকবে। পশ্চিমবঙ্গে এআই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করার প্রতিশ্রুতিও দিয়েছেন খাড়্গে (Congress)।
স্বাস্থ্য ক্ষেত্রে প্রতিটি পরিবারের জন্য ১০ লাখ টাকা স্বাস্থ্যবিমা দেওয়ার কথাও বলা হয়েছে। এছাড়া প্রতিটি পরিবারের জন্য ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং প্রান্তিক কৃষকদের বছরে ১৫ হাজার টাকা সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
কংগ্রেসের এই ইস্তাহার ভোটারদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।












