দু’দিনের সফরে মঙ্গলবার পশ্চিমবঙ্গে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)। এদিন সকাল থেকে রাত পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে ব্যস্ত থাকবেন তিনি (Nitin Nabin)। নিউটাউনে সকাল এগারোটা থেকে তাঁর কর্মসূচি শুরু হয়। প্রথমেই কলকাতা মহানগর এবং হাওড়া-হুগলি-মেদিনীপুর জোনের দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ওই বৈঠকে কয়েকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
এরপর দলের আইটি সেল এবং কল সেন্টারের কর্মীদের সঙ্গে আলাদা বৈঠক করেন নিতিন নবীন (Nitin Nabin)। ভোটের আগে কীভাবে প্রযুক্তি ব্যবহার করে প্রচার আরও জোরদার করা যায়, সেই বিষয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি সমাজমাধ্যম এবং ন্যারেটিভ টিমের সঙ্গেও দীর্ঘ সময় ধরে বৈঠক করেন তিনি।
সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তাঁর (Nitin Nabin)। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রের খবর। বুধবারও কলকাতায় তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে ভোটের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং প্রচারের রূপরেখা ঠিক করতেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।












