সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে নানা খবর। তার মধ্যে কোনটা সত্যি আর কোনটা গুজব, তা বোঝা কঠিন হয়ে যায় অনেক সময়। সম্প্রতি এমনই একটি খবর ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে ১৪ ফেব্রুয়ারি ধনুশকে বিয়ে করতে চলেছেন ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। অনেকেই ধরে নিয়েছিলেন, ভ্যালেন্টাইন্স ডে-তেই নাকি গাঁটছড়া বাঁধবেন তাঁরা।
এই জল্পনার মাঝেই অবশেষে মুখ খুললেন ম্রুণাল(Mrunal Thakur)। তাঁর নতুন ছবি ‘দো দিওয়ানে শহর মে’-এর প্রচারের সময় এক সাক্ষাৎকারে বিয়ের খবর নিয়ে সরাসরি প্রশ্ন করা হয় তাঁকে। অভিনেত্রী হেসে বলেন, “আমি? একদমই না। ১৪ ফেব্রুয়ারি বিয়ে? সেটা তো ১ এপ্রিল হলে বেশি মানাত, এপ্রিল ফুল!” পরে তিনি জানান, এখন বিষয়টি একটু ভয় ধরাচ্ছে। কারণ তিনি কখনও ধনুশের সঙ্গে সম্পর্ক বা বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি।
তাহলে হঠাৎ এই জল্পনা শুরু হল কীভাবে? কিছুদিন আগে ধনুশের একটি ছবির শেষ পার্টিতে ম্রুণালকে (Mrunal Thakur) দেখা যায়। আবার অন্য একটি ছবির বিশেষ প্রদর্শনীতে ধনুশের উপস্থিতি নিয়েও আলোচনা শুরু হয়। সেখান থেকেই গুজব ছড়াতে শুরু করে।
এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি কৃত্রিমভাবে তৈরি বিয়ের ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ম্রুণাল(Mrunal Thakur) ও ধনুশ বিয়ের পোশাকে বসে আছেন। ভিডিওটি এতটাই বাস্তব মনে হয়েছিল যে অনেকেই সেটিকে সত্যি ভেবেছিলেন। পরে জানা যায়, সেটি সম্পূর্ণ ভুয়ো এবং প্রযুক্তির সাহায্যে তৈরি।
ধনুশ এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তাঁর নীরবতা নিয়েও নানা আলোচনা চলছে। তবে ম্রুণালের বক্তব্যে স্পষ্ট, এই বিয়ের খবরের কোনও ভিত্তি নেই।
এদিকে ম্রুণাল ব্যস্ত তাঁর নতুন ছবির প্রচারে। কিন্তু ছবির চেয়ে বেশি চর্চায় এখন তাঁর ব্যক্তিগত জীবন। গুজবের ভিড়ে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, সোশ্যাল মিডিয়ায় যা দেখা যাচ্ছে, সবটাই বিশ্বাস করার মতো নয়। তবু এই জল্পনা এখানেই থামবে কি না, সেটাই এখন দেখার।





